স্পিকার নির্বাচনে চন্দ্রবাবু নায়ডুর দল তেলুগু দেশম পার্টি (টিডিপি) প্রার্থী দিলে সমর্থন করবে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। রবিবার এমনই দাবি করলেন জোটের অন্যতম শরিকদল শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে)-র নেতা সঞ্জয় রাউত। শাসকজোট এনডিএ-র অন্দরে ফাটল ধরাতেই উদ্ধবসেনার নেতা রাউত এই মন্তব্য করেছেন বলে মনে করা হচ্ছে। এনডিএ-র আর এক শরিক, নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড (জেডিইউ) অবশ্য জানিয়েছে, লোকসভার স্পিকার মনোনয়ন করার অধিকার রয়েছে বিজেপিরই।
এ বারের লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সরকার টেকাতে পদ্মশিবির তাই অনেকাংশে নীতীশ এবং চন্দ্রবাবুর দলের উপর নির্ভরশীল। চন্দ্রবাবুর টিডিপি এ বার ১৬টি আসনে জয়ী হয়েছে, আর নীতীশের জেডিইউ ১২টি আসনে। রবিবার রাউত দাবি করেন, টিডিপি স্পিকার নির্বাচনে প্রার্থী দিতে চায়। উদ্ধবসেনার এই নেতার কথায়, “আমি শুনেছি টিডিপি (স্পিকার নির্বাচনে) প্রার্থী দিতে চায়। যদি তেমন হয়, তবে ‘ইন্ডিয়া’ বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে এবং সব রকম চেষ্টা করবে, যাতে সব শরিক দল টিডিপিকে সমর্থন করে।”