ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে জরিমানা করেছে ভারতীয় আর্থিক অপরাধ সংস্থা ইন্ডিয়াস এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। নাম প্রকাশে অনিচ্ছুক তিন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, বিবিসিকে তিন লাখ ৯৭ হাজার ৯৮০ মার্কিন ডলার অর্থদণ্ড দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থাপনা আইনের আওতায় ২০২৩ সালের এপ্রিলে বিবিসির বিরুদ্ধে তদন্ত শুরু করে ইডি। এর দুমাস আগে সংবাদমাধ্যমের দিল্লি ও মুম্বাই কার্যালয়ে তল্লাশি চালিয়েছিল দেশটির কর কর্তৃপক্ষ।
তারা আরও বলেছেন, সংস্থাটির কার্যক্রম তত্ত্বাবধানে ব্যর্থতার দায়ে বিবিসির তিন পরিচালকের প্রত্যেককে প্রায় এক লাখ ৩২ হাজার ৪৩০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি ডকুমেন্টারি প্রকাশের পর বিবিসির বিরুদ্ধে কর কর্মকর্তারা অভিযান চালিয়েছেন। ওই ডকুমেন্টারিতে ২০০২ সালে গুজরাট দাঙ্গায় মোদির নেতৃত্বকে প্রশ্ন করা হয়েছিল। সেই দাঙ্গায় সহস্রাধিক মানুষ প্রাণ হারান, যার সংখ্যাগরিষ্ঠই ছিলেন মুসলিম।
এই ডকুমেন্টারিকে প্রোপাগান্ডা বলে প্রত্যাখান করেছিল ভারত সরকার। তারা অনুষ্ঠানটির সম্প্রচার এমনকি সামাজিক মাধ্যমে এর ক্লিপ শেয়ারেও নিষেধাজ্ঞা আরোপ করে।