‘‘ভগবান নই, আমি মানুষই’’— একটি সাক্ষাৎকারে এমনই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্পূর্ণ সাক্ষাৎকারটি অবশ্য এখনও প্রকাশিত হয়নি। কেবল ২ মিনিট ১৪ সেকেন্ডের একটি ‘প্রোমো’ প্রকাশ্যে এসেছে। সেখানেই মোদীর ‘ভগবান নই’ মন্তব্য নজর কেড়েছে। অনেকের মনে পড়ে যাচ্ছে লোকসভা ভোটের আগে মোদীর করা সেই মন্তব্য, যেখানে তিনি বলছেন, “এ বিষয়ে নিশ্চিত যে আমার জন্ম জৈবিক ভাবে হয়নি। পরমাত্মা আমাকে পাঠিয়েছেন। বিশেষ কোনও কাজ করার জন্য আমায় পাঠানো হয়েছে।” তাঁর সেই মন্তব্য নিয়ে সেই সময় শোরগোল পড়ে গিয়েছিল। বিরোধী দলগুলি আক্রমণ শানিয়েছিল তাঁকে।
পরমাত্মা-মন্তব্যের পর যখন রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, তখনও নিজের মন্তব্যে অনড় থেকেছেন মোদী। মে মাসে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “কেউ কেউ আমাকে পাগল বলতে পারে, কিন্তু আমি নিশ্চিত যে ‘পরমাত্মা (ঈশ্বর)’ আমাকে একটি উদ্দেশ্যের জন্য পাঠিয়েছেন। এক বার উদ্দেশ্য পূরণ হলে আমার কাজ শেষ হবে। এই কারণে আমি নিজেকে সম্পূর্ণ ভাবে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছি।”