গত কয়েক বছরে দেশ থেকে মাওবাদীদের হটাতে বার বার তৎপর হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলতি বছরেও বার বার দাবি করেছেন, আগামী ২০২৬ সালের মধ্যে দেশ থেকে মাওবাদীদের নির্মূল করবে সরকার। সেই আবহেই রবিবার প্রাক্তন মাওবাদী নেতা-কর্মীদের সঙ্গে দেখা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। নতুন জীবনে ফেরার জন্য উৎসাহ জোগালেন প্রাক্তন ‘দেশদ্রোহী’দের।
প্রসঙ্গত, চলতি বছরে শাহ একাধিক বার দাবি করেছেন, ২০২৬ সালের ৩১ মার্চ এ দেশে মাওবাদীদের অন্তিম দিন হতে চলেছে। তার আগেই দেশ থেকে মাওবাদীদের সম্পূর্ণ নির্মূল করা হবে। মাওবাদীদের আত্মসমর্পণ করতেও উৎসাহ দিয়েছে রাষ্ট্র। ধরা দেওয়া মাওবাদীদের চাকরির সংস্থান, স্বাস্থ্য-সহ যাবতীয় দায়িত্ব রাষ্ট্র নেবে, এমন প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, নয়া নীতিতে মাওবাদদীদের নির্মূলের পথে ইতিমধ্যে অনেকটাই এগিয়েছে সরকার। চলতি বছরে সরকারি হিসাবে ২০৭ জন মাওবাদী নিহত হয়েছেন। বহু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। ২০০৯ সালের পর এক বছরে এত মাওবাদী বিনাশের দৃষ্টান্ত আর নেই। এখন কেবলমাত্র ছত্তীসগঢ়ের চার জেলায় মাওবাদীদের অস্তিত্ব রয়েছে।