এদিকে এক পুলিশ কর্মকর্তার বরাতে সিবিএস নিউজ জানিয়েছে, এখন পর্যন্ত কমপক্ষে ১৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে।স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে জরুরি সংবাদ সম্মেলনে জন ডনেলি বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুতই ঘটনাস্থলে পৌঁছান। পরে নদীতে বিধ্বস্ত উড়োজাহাজটির খোঁজ পাওয়া যায়।’হতাহতের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি এখনও স্পষ্ট নয় যে, সেখানে কোনও জীবিত ব্যক্তি আছেন কিনা। তবে উদ্ধারকর্মীরা হতাহতদের সন্ধানে কাজ করছেন।’
এসময় ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার বলেন, এ দুর্ঘটনার তদন্তের জন্য কোনও নির্দিষ্ট সময়সীমা নেই। উদ্ধারকারীরা যতক্ষণ না সবাইকে খুঁজে পাচ্ছেন, ততক্ষণ অভিযান চলবে।স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে যাত্রীবাহী উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে উড়োজাহাজ ও হেলিকপ্টারটি পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনার পরপরই রাতের অন্ধকারেই নদীতে উদ্ধার অভিযান শুরু হয়।
দেশটির ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, পিএসএ এয়ারলাইন্সের বোম্বারডিয়ার সিআরজে৭০০ উড়োজাহাজ এবং সিকোরস্কি এইচ-৬০ হেলিকপ্টারটি রানওয়েতে অবতরণের সময় সংঘর্ষের ঘটনা ঘটে। আঞ্চলিক এই উড়োজাহাজটি আমেরিকান এয়ারলাইন্সের হয়ে কানসাসের উইচিটা থেকে ওয়াশিংটনে আসছিল।







