রাজশাহী পবা উপজেলা নির্বাচনে ফারুক হোসেন ডাবলু ও মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচনে আফজাল হোসেন বকুল নির্বাচিত হয়েছেন। পবা উপজেলা নির্বাচনে ফারুক হোসেন ডাবলু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হককে ৪ হাজার ৫৬৪ ভোটের ব্যবধানে পরাজিত করে। জেলা আওামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য ফারুক হোসেন ডাবলু পেয়েছেন ৩৪ হাজার ৮৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক পেয়েছেন ২৯ হাজার ৮৯৮ ভোট। এছাড়া ওয়াজেদ আলী খাঁন পেয়েছেন ২২ হাজার ৫২২ ভোট।
পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বতা করেন। এই উপজেলার ৮৪টি ভোট কেন্দ্রে ৬২৬টি কক্ষে ভোট নেয়া হয়। ২ লাখ ৬০ হাজার ৮৩৮ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৯৪ হাজার ৯০৭জন। ভোট পড়েছে ৩৬ দশমিক ৩৯ ভাগ।
এদিকে মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচনে আফজাল হোসেন বকুল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল মোমিন শাহকে ৪ হাজার ৮১৯ ভোটের ব্যবধানে পরাজিত করেন। আফজাল হোসেন বকুল পেয়েছেন ৩১ হাজার ১১৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল মোমিন শাহ পেয়েছেন ২৬ হাজার ২৯৭ ভোট।
মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এই উপজেলায় ৪৫টি ভোট কেন্দ্রে ৩৪৬টি কক্ষে ভোট নেয়া হয়। ১ লাখ ৪৫ হাজার ৫৪৩ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৭১ হাজার ৮৪৭টি। ভোটের শতকরা হার ৪৯ দশনিক ৩৬ ভাগ।
রাজশাহীর দুই উপজেলায় সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন করতে মহানগর ও জেলা প্রায় ২ হাজার পুলিশ সদস্য, ১ হাজার ৯৬১ জন আনসার সদস্য মোতায়ন করা হয়। এছাড়া ৬ প্লাটুন বিজিবি, ১৮ জন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট, র্যাবের ২ টি টিম দায়িত্ব পালন করে।