সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

রায় বেরেলিতে বাজিমাত রাহুলের, আমেথিতে ধরাশায়ী স্মৃতি ইরানি

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের রায়বেরেলি আসনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছে হার স্বীকার করেছেন বিজেপির প্রার্থী দীনেশ প্রতাশ সিং।

মঙ্গলবার (৬ মে) স্থানীয় সময় সকাল ৮ টায় লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। এদিন দুপুর ১ টা ৪২ মিনিটের হালনাগাদ তথ্য অনুযায়ী, রাহুল গান্ধীর কাছে পরাজয় স্বীকার করেন দীনেশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে রায়বেরেলির জনগণের কাছে ক্ষমা চেয়ে দীনেশ বলেন, তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে, কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে রায়বেরেলির জনগণের সেবা করেছেন। এই সেবাকালে যদি তাঁর চিন্তা, কথা বা কাজে কোনো ভুল হয়ে থাকে কিংবা তিনি কাউকে আহত করে থাকেন, তাহলে তিনি ক্ষমা চান।

সামাজিক যোগাযোগ মাধ্যমের এই পোস্টে তিনি আরও বলেন, তাঁর দলের সদস্যরা কংগ্রেসের এই ঘাঁটিতে (রায়বেরেলি) বিজেপির জয় নিশ্চিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। কিন্তু জনগণের রায় দেওয়ার বিষয়টি তাঁর দলের সদস্যদের হাতে ছিল না।

রায়বেরেলি কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত। এই আসনে গত ২০ মে ভোট হয়।

এদিকে উত্তর প্রদেশের কংগ্রেসের আরেকটি শক্ত ঘাটি বা পারিবারিক আসন খ্যাত আমেথিতে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির চেয়ে ৫০ হাজার ভোটে এগিয়ে আছে কংগ্রেসের পুরোনো সৈনিক কিশোরী লাল শর্মা। ইন্ডিয়া টুডের সর্বশেষ লাইভ আপডেট অনুযায়ী, স্মৃতি ইরানি পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৬৯ ভোট। কিশোরী লাল শর্মা পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৮২৭ ভোট।

উল্লেখ্য, আমেথি আসনে রাহুল গান্ধী প্রার্থী না হওয়া নিয়ে নানা আলোচনা হয়েছে। কিশোরী লাল এগিয়ে থাকায় তাকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন প্রিয়াঙ্কা গান্ধী।

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল নির্বাচন শুরু হয়। এবং এ নির্বাচন শেষ হয় ১ জুন। গত ১ জুন (শনিবার) ভোট শেষ হওয়ার পরই শুরু হয় বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশ। আর এ জরিপের ফলাফল অনুযায়ী, এ নির্বাচনে আবার জিতছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির এনডিএ জোট। তবে এসব বুথফেরত জরিপের পূর্বাভাস নাকচ করে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট।


এই বিভাগের আরো খবর