দলের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্মেলনে ঘটে যাওয়া ‘নজিরবিহীন অশান্তি’ নিয়ে বিড়ম্বনায় রাজ্য সিপিএম। তার মধ্যেই দলের অন্দরে আলোচনা শুরু হয়েছে আরও দু’টি জেলার সম্মেলনে কী হতে চলেছে, সেই বিষয়ে। একটি উত্তর ২৪ পরগনা। দ্বিতীয়টি পশ্চিম মেদিনীপুর। আগামী এক মাসের মধ্যেই এই দুই জেলায় সম্মেলন হবে। সিপিএমের প্রথম সারির নেতৃত্বের অনেকেরই আশঙ্কা, এই দুই জেলায় দু’জন নেতার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তার ভিত্তিতে রাজ্যনেতৃত্ব যে পদক্ষেপ করেছেন, সেই সূত্রে সম্মেলনে গোলমাল হতে পারে।
সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্মেলনে নতুন কমিটি থেকে নাম প্রত্যাহারের ‘সংক্রমণ’ দেখা গিয়েছিল শনিবার রাতে। একাধিক তরুণ নেতাকে জেলা কমিটি থেকে বাদ দেওয়ার ‘প্রতিবাদে’ নাম তুলে নেন ১৮ জন নেতানেত্রী। সেই তালিকায় রয়েছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা দক্ষিণ ২৪ পরগনা জেলা সিপিএমের প্রাক্তন সম্পাদক সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তীও। প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের পুত্র সাম্য গঙ্গোপাধ্যায়ও নতুন জেলা কমিটি থেকে নাম তুলে নিয়েছেন।
দল যখন ভোটের অঙ্কে প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছে, তখন এই ‘দলাদলি’ নিয়ে শঙ্কিত সিপিএম নেতৃত্বের বড় অংশ। তাঁদের বক্তব্য, একে ভোট নেই। তার উপর বড় বড় জেলায় এই ঘটনা ঘটতে থাকলে দলের মৌলিক কাঠামো টিকিয়ে রাখা মুশকিল হবে। কারণ, এক গোষ্ঠী কর্মসূচি ঘোষণা করলে অন্য গোষ্ঠী তা বাস্তবায়নে গুটিয়ে থাকবে বলে আশঙ্কা তাঁদের। এক সিপিএম নেতার কথায়, ‘‘ভোটের কথা এখন ভাবনার মধ্যেও আনা যাচ্ছে না। চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে টিকে থাকা!’’ সিপিএমের অনেকেরই বক্তব্য, সরকারি ক্ষমতা উপভোগ করার দিন অতীত হলেও দলের একটা বড় অংশ কমিটির ক্ষমতা উপভোগ করতে এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন। সংখ্যার জোরেই কোথাও কোথাও ‘একপেশে’ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও মনে করছেন দলের অনেক প্রবীণ নেতৃত্ব।