রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

হাইতিতে সন্ত্রাসীদের হামলায় শিশুসহ ৫০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫

কারিবিয়ান অঞ্চলের দেশ হাইতির একটি শহরে একটি গ্যাং হামলায় শিশুসহ অন্তত ৫০ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ মে) মধ্য হাইতির প্রেভাল শহরে এই ঘটনা ঘটে। শনিবার (২৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। প্রত্যক্ষদর্শীরা এই হামলাকে ‘গণহত্যা’ বলে বর্ণনা করেছেন। স্থানীয় গণমাধ্যমকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়, একটি গির্জায় হামলা চালায় এবং বেসামরিক নাগরিকদের হত্যা করে।

নিহতদের মধ্যে ৮৬ বছর বয়সী যাজক জোকেস ব্রুটাসও ছিলেন, যাকে মারানাথা গির্জায় হামলাকারীরা শিরশ্ছেদ করেছিল বলে জানা গেছে। স্পেনের ইএফই সংবাদ সংস্থাকে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, “কমপক্ষে ৫০টি মরদেহ পাওয়া গেছে। গণহত্যার স্থানে পৌঁছানো প্রায় অসম্ভব, কারণ গণহত্যাস্থল এখনো সশস্ত্র সন্ত্রাসী দলটির নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহের মধ্যে চৌদ্দটি শিরশ্ছেদ এবং পুড়িয়ে ফেলা অবস্থায় পাওয়া গেছে।”

হাইতিতে ক্রমশ সংকট তৈরি হচ্ছে, রাজধানী পোর্ট-অ-প্রিন্স এখন বেশিরভাগ ক্ষেত্রেই গ্যাং নিয়ন্ত্রণে এবং খাদ্য নিরাপত্তাহীনতার কারণে ১ কোটি ১০ লাখেরও বেশি মানুষ হুমকির মুখে। জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, ২০২৪ সালে হাইতিতে গ্যাং সহিংসতায় ৫ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।


এই বিভাগের আরো খবর