ভারতশাসিত কাশ্মীরের পহেলগাম সন্ত্রাসী হামলার পর ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারতের একাধিক প্রতিরক্ষা ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে পাকিস্তানি হ্যাকাররা।
প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সাইবার আক্রমণের ফলে লগইন তথ্যসহ প্রতিরক্ষা কর্মীদের সম্পর্কে সংবেদনশীল তথ্য ক্ষতিগ্রস্ত হতে পারে।
পোস্টে ভারতের আর্মর্ড ভেহিকেল নিগম লিমিটেডের একটি ওয়েবপেজের ছবি শেয়ার করে পাকিস্তান সাইবার ফোর্স। ছবিতে দেখা গেছে, একটি ভারতীয় ট্যাঙ্কের জায়গায় একটি পাকিস্তানি ট্যাঙ্ক রাখা হয়েছে।
আরেকটি পোস্টে দাবি করা হয়েছে, তারা মনোহর পারিকর ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিস ওয়েবসাইটের ১৬০০ ব্যবহারকারীর ১০ জিবি-রও বেশি ডেটা অ্যাক্সেস করেছে।
সূত্রগুলো আরও জানিয়েছে, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সক্রিয়ভাবে সাইবারস্পেস পর্যবেক্ষণ করছেন, যাতে আর কোনও আক্রমণ এবং অনুপ্রবেশের প্রচেষ্টা রোধে সুরক্ষা পরিকাঠামো শক্তিশালী করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।