ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাউই দখলদার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশটির রাজধানী সানায় হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান।দখলদাররা সানার একটি অ্যাপার্টমেন্টে বোমাবর্ষণ করে। সেখানেই বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী নিহত হন বলে জানিয়েছে ইয়েমেনি সংবাদমাধ্যম আল-জুমহুরিয়া।অপর সংবাদমাধ্যম এডেন আল-ঘাদ জানিয়েছে, প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি তার আরও কয়েকজন সঙ্গীসহ প্রাণ হারিয়েছেন।
হুতি বিদ্রোহীদের প্রতিরক্ষামন্ত্রীসহ অন্যরা তাদের প্রধান নেতা আব্দুল মালেক আল-হুতির একটি ভাষণ শুনতে জড়ো হয়েছিলেন বলে ইসরায়েলি সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে।
২০১৫ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। এরপর তৎকালীন প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসু হাদি সৌদি আরবে পালিয়ে যান। তিনি হুতিদের প্রতিষ্ঠিত সরকারকে অবৈধ ঘোষণা করেন। এরপর তার সমর্থনে ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক ব্যাপক হামলা চালায়। তা সত্ত্বেও হুতিদের প্রতিহত করা যায়নি। তারা এখনো সানার নিয়ন্ত্রণ নিজেদের কাছে ধরে রাখতে পেরেছে। এই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন রাহাভি।
দখলদার ইসরায়েল ফিলিস্তিনের গাজায় বর্বরতা চালানোয় তাদের ওপর নিয়মিত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলা চালাচ্ছিল হুতিরা। এরমধ্যেই গতকাল তাদের প্রধানমন্ত্রীকে হত্যা করল ইসরায়েল।