যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। রোববার গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে অন্তত দু’বার হামলা চালানো হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। যদিও ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ও ইসরায়েলি বাহিনীর ওপর হামলার অভিযোগ করেছেন।ফরাসি বার্তা সংস্থা এএফপিকে প্রত্যক্ষদর্শী দুই ফিলিস্তিনি বলেছেন, দক্ষিণ রাফাহ শহরের ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। সেখানে সংঘর্ষের পর ইসরায়েলি যুদ্ধবিমান থেকে দু’বার হামলা চালানো হয়েছে।
কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলেছে, গাজার রাফাহ এলাকায় হামাস যোদ্ধা ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। এছাড়া একটি বিস্ফোরক ডিভাইস (আইইডি) বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আইইডি বিস্ফোরণে সেখানে ক্ষয়ক্ষতি ও ইসরায়েলি সৈন্যরা আহত হয়েছেন।গাজায় যুদ্ধ চলাকালীন ইসরায়েলি সৈন্যদের সঙ্গে কাজ করা একটি গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে হামাসের অভিযান ঘিরে নতুন করে এই সংঘর্ষ শুরু হয়েছে। ইসরায়েলি সৈন্যদের সহায়তা করায় ওই গোষ্ঠীর সদস্যদের অত্যন্ত ঘৃণিত বলে মনে করেন ফিলিস্তিনিরা। সশস্ত্র ওই মিলিশিয়া গোষ্ঠীর সদস্যদের হামাস খুঁজছে বলেও ধারণা করা হচ্ছে।
অভিযোগ উঠেছে, মিলিশিয়া গোষ্ঠীটির সদস্যদের আটকের জন্য হামাস ওই এলাকা ঘিরে অভিযান পরিচালনা করতে চায়। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।