বুধবার (১১ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নতুন হাঁটতে শেখা শিশুটিকে দ্রুত উদ্ধার করে ১০ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শুরু হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
মারা যাওয়া আবু হুরাইরার বাবা হৃদয় আলী। তাদের বাড়ি কুষ্টিয়া সদর এলাকায়। হৃদয় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। তার ছয় বছর বয়সী মেয়ে উম্মে খাদিজা ভর্তি রয়েছে ২৪ নম্বর ওয়ার্ডে। জন্মগতভাবেই তার একটি কিডনি নেই। পেটের সমস্যাও রয়েছে। বাবা ও মেয়ের দুই জনের হাতেই লাগানো রয়েছে ক্যানুলা।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই জনের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে তাদের জমানো টাকা প্রায় শেষ হয়ে যায়। এ অবস্থায় হাসপাতাল থেকে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন সেলিনা বেগম। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে তিনি চিকিৎসকের চেম্বারে গেলে ওয়ার্ডে থাকা আবু হুরাইরা গেট খোলা পেয়ে হাঁটতে হাঁটতে বারান্দায় চলে যায়। ওই বারান্দায় নিরাপত্তার জন্য কোনও গ্রিল ছিল না। সেখানে পিলারের প্লাস্টারের কাজ করছিলেন মিস্ত্রিরা। নির্মাণকাজ চলায় জায়গাটি কিছুটা অরক্ষিত ছিল।
দুর্ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে ১০ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়। সেখানে তার শরীরে স্যালাইন দেওয়া হয়। দুপুর আড়াইটার দিকে ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, একটি টেবিলের ওপর পড়ে আছে শিশুটির নিথর দেহ। তখনও তার শরীরে স্যালাইন লাগানো ছিল। নাক দিয়ে রক্ত ঝরছিল। শিশুটিকে একনজর দেখতে সেখানে রোগীর স্বজনদের ভিড় জমে। তাদের সামলাতে ব্যস্ত ছিলেন দুই জন আনসার সদস্য।
এদিকে ১১ নম্বর ওয়ার্ডের সামনের করিডরে একটি বিছানায় বসে আহাজারি করছিলেন বাবা হৃদয় আলী। অসুস্থ শরীর নিয়েই সন্তান হারানোর শোকে ভেঙে পড়েন তিনি। পাশেই চিকিৎসাধীন ছিল তার ছয় বছরের মেয়ে উম্মে খাদিজা। একদিকে বাবার অসুস্থতা, অন্যদিকে মেয়ের জটিল শারীরিক সমস্যা— এর মধ্যেই পরিবারের ওপর নেমে আসে সন্তান হারানোর শোক।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ‘ওটা নির্মাণাধীন জায়গা, কিছুটা অরক্ষিত ছিল। বাচ্চাটা অভিভাবকহীন অবস্থায় ছিল। বাচ্চাটা খেলতে খেলতে পড়ে গেছে। দ্রুত চিকিৎসা শুরু হলেও শিশুটিকে বাঁচানো যায়নি।’
তিনি আরও বলেন, ‘হাসপাতালের দাফতরিক ও পুলিশের আইনি প্রক্রিয়া শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’