বিশ্বসংগীতের তিন জনপ্রিয় তারকা ডুয়া লিপা, টেম ইমপালা ও এসজেডএকে ঘিরে সাজছে ২০২৭ সালের কোচেলা ভ্যালি সংগীত ও শিল্পকলা উৎসব। আগামী বছরের আয়োজনে প্রধান পরিবেশক হিসেবে থাকছেন তারা। তবে চমকের তালিকায় রয়েছেন আরও অনেকে। বিশেষ পরিবেশনায় দেখা যাবে ড্যাডি ইয়াঙ্কি ও জাস্টিসকে। এ ছাড়া নৃত্যসংগীতের মঞ্চে ফিরছেন পপ তারকা ম্যাডোনা।
সম্প্রতি উৎসবের শিল্পী তালিকা প্রকাশ করা হয়েছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান পরিবেশকদের বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন এসজেডএ। তালিকায় ড্যাডি ইয়াঙ্কির জন্য রাখা হয়েছে বিশেষ একটি পরিবেশনার পর্ব, যা সাধারণত অতিরিক্ত চতুর্থ প্রধান পরিবেশকের জন্য বরাদ্দ থাকে। অন্যদিকে, উৎসবের বাঙ্কার মঞ্চে প্রথমবারের মতো পরিবেশিত হবে জাস্টিসের ‘ব্লাইন্ডেড বাই দ্য লাইটস’।
যারা সরাসরি অংশ নিতে পারবেন না, তাদের জন্য টানা ১৫তম বছরের মতো উৎসবটির একমাত্র সরাসরি সম্প্রচার সহযোগী হিসেবে থাকছে ইউটিউব। দুই সপ্তাহান্তের জন্য প্রবেশপাসের সঙ্গে হোটেলে থাকা ও যাতায়াতের সুবিধাসংবলিত প্যাকেজও পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, ২০২৬ সালের আয়োজনে সাবরিনা কার্পেন্টার, জাস্টিন বিবার, কারোল জি ও আনিমা প্রধান শিল্পী হিসেবে পরিবেশনা করেন। দ্বিতীয় সপ্তাহান্তে সাবরিনার পরিবেশনার সময় চমক অতিথি হিসেবে মঞ্চে হাজির হয়েছিলেন ম্যাডোনা। সেদিন দুজনে প্রথমবারের মতো পরিবেশন করেন তাদের যৌথ গান ‘ব্রিং ইওর লাভ’।









