এক জন এ শহরেরই মেয়ে। বার বার জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয়, ইংরেজি বিভাগের ক্লাসঘর বা ক্লাসঘরের বাইরের খোলা হাওয়াই মানুষ হিসেবে গড়েপিটে নিয়েছে তাঁকে। আর এক কন্যা এই প্রথম কলকাতায় এলেন। রবিবার দুপুরে নন্দনে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (কিফ) আসরে তাঁদের ছবি ‘দ্য শেমলেস’ দেখানোর পরে কানে ভারতের প্রথম সেরার শিরোপাধারিণী অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত বললেন, ‘‘আমার শহরে, নন্দনের পর্দায় আমাকে লিড চরিত্রে রেখে সিনেমায় নিজেকে দেখছি! কানের থেকে এ অভিজ্ঞতাও কম নয়! জীবনের একটা বৃত্ত সম্পূর্ণ হল।’’ কানের সেরা অভিনেত্রী অনসূয়া হলেও ‘দ্য শেমলেস’ জুড়ে ঠাণের মেয়ে ওমারাও রয়েছেন সমানে সমানে। শিশুর মতো উচ্ছ্বাসে তিনিও বললেন, ‘‘ছবি দেখার লম্বা লাইন, দর্শকদের ভালবাসায় নিজেকেও কলকাতার মেয়ে বলেই মনে হচ্ছে।’’