নিয়ম মেনে শরীরচর্চা করেন রোহিত রায়। তিনি স্বাস্থ্য সচেতন। বয়স যত বাড়ছে, ততই চেহারায় তরতাজা ভাব আরও বেশি করে ফুটে উঠছে রোহিতের। বিভিন্ন সাক্ষাৎকারে রোহিত জানিয়েছেন যে, নিয়ম মেনে খাওয়াদাওয়া আর নিয়মিত শরীরচর্চাতেই এত ফিট তিনি। বয়স যেন ছুঁতেই পারেনি তাঁকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রোহিত জানিয়েছেন, শরীরচর্চার আগে ঠিক কী খান তিনি। এমন এক পানীয় যা খেলেই শরীরে বল পান। শরীরচর্চার পরেও তেমন ভাবে ক্লান্তিভাব আসে না।
শরীরচর্চার আগে ও পরে কী কী খাওয়া উচিত সে নিয়ে এখন বিস্তর চর্চা হচ্ছে। বলিউড তারকারা নানা সময়ে বলছেন, তাঁরা ঠিক কী খেয়ে জিমে যান এবং জিম থেকে ফিরে কী কী খান। রোহিত জানিয়েছেন, শরীরচর্চাটাই মন দিয়ে করেন তিনি। তার আগের ও পরের খাওয়া নিয়ে ততটা মাথা ঘামান না। জিমে যাওয়ার আগে শুধু এক কাপ কালো কফিতে এক চিমটে নুন মিশিয়ে খেয়ে নেন। এই পানীয়ই নাকি তাঁর পেশির শক্তি বাড়িয়ে তোলে।