রাস্তায় হাঁটতে বেরিয়ে গাড়িচাপা পড়ে মৃত্যু হয়েছিল বছর বিরাশির বৃদ্ধের। প্রাথমিক ভাবে সেটিকে দুর্ঘটনা হিসাবে ধরা হলেও ক্রমে এর নেপথ্যে রহস্য প্রকাশ্যে আসে। আসলে সেটি যে নিছক কোনও দুর্ঘটনা নয়, পুরোপুরি পরিকল্পনা করে খুন করা, তদন্তে নেমে এই তথ্যই উঠে আসে পুলিশের হাতে। এই খুনের নেপথ্যে যে ৩০০ কোটির সম্পত্তি, সেটিও ক্রমশ প্রকাশ্যে আসে। ঘটনাটি মহারাষ্ট্রের নাগপুরের।
তদন্তে পুলিশ জানতে পারে, শ্বশুরকে খুন করার জন্য পরিবারের গাড়িচালক বাগড়ে এবং তাঁর দুই সঙ্গী নীরজ নিমচে এবং সচিন ধার্মিককে এক কোটি টাকা দিয়েছিলেন অর্চনা। অর্চনা-সহ চার জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। শহর উন্নয়ন দফতরের অতিরিক্ত অধিকর্তা অর্চনা। তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিজের প্রভাব খাটিয়ে অনেক দুর্নীতিমূলক কাজ করেছেন তিনি। রাজনৈতিক প্রভাব থাকায় কোনও পদক্ষেপই করা হয়নি অর্চনার বিরুদ্ধে। তাঁকে ইতিমধ্যেই খুনের মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে গাড়িচালক এবং তাঁর দুই সঙ্গীকেও।