রানওয়ের উপর দিয়ে যেতে যেতে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা খেয়েছে দক্ষিণ কোরিয়ার যাত্রিবাহী বিমান। জেজু এয়ারের বিমানটিতে ১৮১ জন ছিলেন। এখনও পর্যন্ত অন্তত ৬২ জনের মৃত্যু নিশ্চিত করেছে সে দেশের সংবাদমাধ্যম। উদ্ধারকাজ চলছে। ইতিমধ্যে দুর্ঘটনার মুহূর্তের একাধিক ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যাতে দেখা গিয়েছে, কী ভাবে রানওয়ের উপর থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে বিমানটি। ধাক্কা খাওয়ার পর কী ভাবে তাতে আগুন ধরে গিয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে।

ভিডিয়ো দেখে অনেকে বলছেন, বিমানটি ‘বেলি ল্যান্ডিং’ করাতে চেয়েছিলেন পাইলট। বিমানের ল্যান্ডিং গিয়ার ঠিকমতো কাজ না করলে এই ধরনের অবতরণ করানো হয়। ভিডিয়োতে দেখা গিয়েছে, রানওয়ের উপর দিয়ে যাওয়ার সময়ে বিমানের ল্যান্ডিং গিয়ার প্রসারিত ছিল না।
এখনও পর্যন্ত মুয়ান বিমানবন্দরে বিমানের ধ্বংসস্তূপ থেকে দু’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সে দেশের সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা এপি। তবে মৃতের সংখ্যা কত হতে পারে, নিশ্চিত করতে পারেননি দমকলকর্মীরাও। আগুন নেভানো হয়েছে। উদ্ধারকাজ চলছে।