হিজাব আইন প্রত্যাহারের এক সপ্তাহ যেতে না যেতেই আরও এক ‘সংস্কার’ ইরানে। এ বার প্রত্যাহার করে নেওয়া হল হোয়াটস্অ্যাপ এবং গুগল প্লে-র উপর নিষেধাজ্ঞা। ইন্টারনেট ব্যবহারের উপর নিয়ন্ত্রণ জারির ক্ষেত্রে বিশ্বের প্রথম সারির দেশগুলির মধ্যে একটি ইরান। গত দু’বছর ধরে সেখানে হোয়াটস্অ্যাপ এবং গুগল প্লে নিষিদ্ধ করে রাখা হয়েছিল। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইরান।
যদিও ইরান প্রশাসনের ইঙ্গিত, তারা ধীরে ধীরে ইন্টারনেটের উপর নিয়ন্ত্রণ শিথিল করতে চাইছে। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ)-কেও সেই আভাস দিয়েছেন সে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সাত্তার হাশেমি। এটিকে ‘ইন্টারনেটের উপর নিয়ন্ত্রণ প্রত্যাহারের প্রথম পদক্ষেপ’ হিসাবে ব্যাখ্যা করেছেন তিনি।