ওজন ঝরাতেই হবে, তা-ও তিন মাসে। কড়া ডায়েট, শরীরচর্চায় ফল মিলল। তবে মেদ ঝরার পাশাপাশি উধাও হল ত্বকের জেল্লা।এমনটা হয় অনেকেরই। দ্রুত ওজন কমলেও, কারও কারও মাংসপেশি শিথিল হয়ে যায়। কারও ত্বকে টান টান ভাব উধাও হয়, কারও আবার কমে যায় মুখের জেল্লা। পুষ্টিবিদদের কথায়, এটা কিন্তু সাধারণ সমস্যা। ডায়েট ঠিকমতো না হলে, ওজন কমানোর পন্থায় ভুল থাকলে এমনটা হতেই পারে।
তা হলে কি ওজন কমানোর চেষ্টা করবেন না? তারকাদের পুষ্টিবিদ রুজুতা দিয়েকর এ নিয়ে পরামর্শ দিলেন। বি টাউনের অনেক অভিনেত্রী রুজুতার কথা মেনে ডায়েট করেন। করিনা কপূরের ব্যক্তিগত পুষ্টিবিদ হিসাবেও কাজ করেছেন তিনি। রুজুতা বলছেন, ওজন কমানোর ৩ পন্থা।

ধীরে ধীরে ওজন কমান: অনেকেই এক মাসে ১০ কেজি কিংবা দু’মাসে ১৮ কেজি ওজন কমানোর লক্ষ্য নিয়ে ফেলেন। সেই মতো কড়া ডায়েট, শারীরিক কসরত করেন। রুজুতার পরামর্শ, ধীরে চলো নীতি নিয়ে চলার। তাঁর কথায়, যে কোনও ভিডিয়ো দেখে দ্রুত একধাক্কায় অনেকটা ওজন কমানোর লক্ষ্য নেওয়া স্বাস্থ্যকর নয়। বরং এক বছরে সামগ্রিক ওজনের ৫- ১০ শতাংশ কমানো যেতে পারে।
