কান খুবই সংবেদনশীল। অথচ কানের যত্ন নিয়ে সচেতনতা অনেকটাই কম। কানের যে কোনও সমস্যাকে অবহেলা করলে তা বধিরতার কারণ হয়ে উঠতে পারে। কানের সমস্যা নানা রকম হতে পারে। তবে এর মধ্যে একটি সমস্যা নিয়ে চর্চাই বেশি হচ্ছে। সেটি হল ‘টিন্নিটাস’। সর্ব ক্ষণ কানে কোনও কিছু আওয়াজ শুনতে পাওয়া, কানের ভিতর একটানা ঝিঁ ঝিঁ-র ডাক, কখনও জোরে গর্জন শুনতে পাওয়ার মতো উপসর্গ দেখা দেয় এই রোগে। শুনতে আশ্চর্য মনে হলেও, এই সমস্যার শিকড় লুকিয়ে রয়েছে অনেক গভীরে। এই রোগ সহজে সারে না এবং বাড়াবাড়ি হলে অনিদ্রা, শরীরের ভারসাম্য বিগড়ে যাওয়া, শ্রবণশক্তি একেবারে কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এর থেকে পরিত্রাণের জন্য নতুন এক রকম যন্ত্র তৈরির দাবি করেছে মুম্বইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (বম্বে আইআইটি)।
টিন্নিটাস সহজে চিহ্নিত করা যায় না। আইআইটির গবেষকদের দাবি, তাঁদের তৈরি যন্ত্র কানে লাগালে রোগটি নির্ণয় করা সম্ভব। কেবল তা-ই নয়, যন্ত্রের সঙ্গে বিশেষ সফট্অয়্যারেরও সংযুক্তি ঘটানো হয়েছে। ফোনে বা কোনও ডিভাইসে সেই সফট্অয়্যারটি ইনস্টল করে নিলে রোগীর কানের ভিতর কী কী হচ্ছে তা পর্যবেক্ষণে রাখা যাবে। কী থেকে রোগটি হয়েছে তা যেমন চিহ্নিত করা যাবে, তেমনই রোগটি সারানোর উপায়ও নাকি বার করা যাবে। যন্ত্রটি গবেষণার স্তরে রয়েছে। গবেষকরা জানিয়েছেন, পরীক্ষানিরীক্ষার পরে যদি দেখা যায় যন্ত্রটির সঠিক ভাবে কাজ করছে, তা হলে বধিরতার ঝুঁকি থেকে অনেককে বাঁচানো যাবে।