বিএনপির উচ্চ পর্যায়ের সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৫ আগস্ট) মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠেয় সরকারি আয়োজনে যোগ দিচ্ছেন বিএনপির তিন জন নেতা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির আরও দুই সদস্য থাকতে পারেন অনুষ্ঠানে। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
সালাহ উদ্দিন বলেন, সনদ বাস্তবায়ন নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, বিএনপি নাকি সহযোগিতা করছে না। নিশ্চয়তা না পেলে সনদে সই করবেন না বলছেন। বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে।
ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখতে সবাইকে আহ্বান জানানা তিনি। সালাহ উদ্দিন বলেন, তাদের (সমালোচকারীরা) রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে অনেক কথা বলতে পারে। এগুলো নিয়ে আলোচনা হলে অংশ নেবে বিএনপি। কিন্তু এগুলো নির্বাচন পেছানোর কৌশল কিনা তা নিয়ে প্রশ্ন আছে। শুধু সংবিধান সংশোধনের বিষয় বাদে বাকি সব বিভিন্ন প্রক্রিয়ায় বাস্তবায়ন হচ্ছে। কোনও আইনি বৈধ প্রক্রিয়া ছাড়া, সংসদ ছাড়া কোন বৈধ প্রক্রিয়ায় সংবিধান সংশোধন করা যায়, সেটি তারা বলতে পারে। এটা বাঞ্ছনীয় নয়।
জুলাই ঘোষণাপত্র নিয়ে সালাহ উদ্দিন বলেন, ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্য আছে। আমাদের কাছে এই বিষয়ে প্রস্তাব দিয়েছিলেন। ফেব্রুয়ারিতে এর জবাবও দিয়েছি। কিন্তু ৭ জুলাই পর্যন্ত আর কোনও আলোচনা হয়নি। ৭ তারিখ যে ড্রাফট দিয়েছে আমাদের, সেখানে তারা ২৬ মার্চকে উপস্থাপন করতে চাননি। এরসঙ্গে দ্বিমত পোষণ করেছে বিএনপি। আমরা বলেছি, রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেবো চতুর্থ তফসিলের মাধ্যমে। জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে বিএনপি যে সংশোধনী দিয়েছে তা মেনে না নেওয়া হলে ঘোষণাপত্র পাঠের পর পরবর্তী প্রতিক্রিয়া জানাবে বিএনপি। তবে সাংবাদিকদের সালাহ উদ্দিন জানান, সোমবার দুপুর নাগাদ মানিক মিয়া অ্যাভিনিউতে ঘোষণাপত্র অনুষ্ঠানে দাওয়াত পায়নি বিএনপি। নির্বাচন নিয়ে তিনি বলেন, শুনেছি ৫ তারিখে প্রধান উপদেষ্টা জাতিকে নির্বাচনের সময় জানাবেন।







