সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

‘দিদির দুঃসময়ে পাশে নেই টালিগঞ্জের বাবু-বিবিরা’

বিনোদন ডেস্ক :
আপডেট : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

শুক্রবারই মুক্তি পাচ্ছে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’। সনোজকুমার মিশ্র পরিচালিত ছবিটির মুক্তি আটকাতে হাই কোর্টে মামলাও হয়েছিল। কিন্তু আদালত ছবিমুক্তিতে হস্তক্ষেপ করেনি। এ বার ওই ছবির প্রসঙ্গে কলকাতার সিনেমাপাড়ার কলাকুশলীদের একহাত নিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। টালিগঞ্জের কিছু শিল্পীকে পরোক্ষে সুবিধাবাদী বললেন তিনি। তাঁর অভিযোগ, প্রয়োজনের সময়ে ওই শিল্পীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকেন, হাত নেড়ে ছবি তোলেন। কিন্তু শাসকদলের দুঃসময়ে তাঁদের খুঁজে পাওয়া যায় না। এ প্রসঙ্গে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির দৃষ্টান্তও টেনেছেন কুণাল। ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’-এর পাল্টা কিছু টালিগঞ্জ থেকে কেন তৈরি করা হবে না, সেই প্রশ্ন তুলেছেন তিনি।

সনোজকুমারের ছবিটি নিয়ে মূল অভিযোগ, পশ্চিমবঙ্গের ভাবমূর্তি খারাপ করার উদ্দেশ্যে ওই ছবি তৈরি করা হয়েছে। কুণালও সে কথাই বলেছেন। শুক্রবার সকালে তিনি বলেছেন, ‘‘মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির বহু পরিচালক, প্রযোজক, অভিনেতা এমন কিছু রাজনৈতিক ছবি তৈরি করেন, যা সমাজে বিজেপির পক্ষে ন্যারেটিভ গড়ে তোলে। এ বার তো বাংলা নিয়েও কুৎসার ঝুলি আসছে! অথচ টলিগঞ্জের বাবু-বিবিরা, যাঁরা মমতাদির পাশে, দলে, মঞ্চে, ছবির ফ্রেমে থাকেন, তাঁরা নিজেদের ভাবমূর্তি গড়তে, পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত।’’ মুখ্যমন্ত্রীর জীবন নিয়ে ছবি তৈরি করে জনমানসে তৃণমূলের পক্ষে ‘সদর্থক বার্তা’ দেওয়ার কথাও টালিগঞ্জ ভাবে না, অনুযোগ কুণালের। বলেছেন, ‘‘টালিগঞ্জের কলাকুশলীরা দিদির পাশে ছবি দিয়ে নিজেদের গুরুত্ব বৃদ্ধি করেন, কিন্তু মমতাদির বায়োপিক বা তৃণমূলের পক্ষে বার্তা যেতে পারে, এমন কোনও সিনেমা তৈরির কথা তাঁরা ভাবেন না। দলের সুসময়ে এঁরা হাত নেড়ে সামনে থাকেন। কিন্তু দল একটু বিতর্কিত ইস্যুতে পড়লেই এঁরা মুখবন্ধ করে দেন। সামনে থেকে মানুষকে বোঝানোর কাজে এঁদের পাওয়া যায় না। দল না বললে কর্মসূচিতেও পাওয়া যায় না।’’


এই বিভাগের আরো খবর