দিল্লির হাওয়া খারাপ! মাত্রাছাড়া দূষণ ঘুম কেড়েছে প্রশাসনের। কোথাও কোথাও বাতাসের গুণমান সূচক ৫০০ ছুঁয়ে ফেলেছে। এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের একটা অংশকে বাড়ি থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) করানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। ৫০ শতাংশ সরকারি কর্মচারী প্রতি দিন বাড়ি থেকে কাজ করবেন। বুধবার থেকেই বলবৎ হচ্ছে নয়া নিয়ম।
বুধবার আগের চেয়ে খানিক কমেছে দিল্লির বাতাসের গুণমান সূচক। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য বলছে, বুধবার সকালে রাজধানীর বাতাসের গুণমান সূচক নেমে এসেছে ৪২২-এ। তবে এখনই বিপদ কাটছে না। বুধেও সকাল থেকেই ঘন ধোঁয়াশার চাদরে ঢেকেছে দিল্লি এবং সংলগ্ন অঞ্চল। দৃশ্যমানতাও যথেষ্ট কম। সাধারণত বাতাসের গুণমানের সূচক ৪৫০ অতিক্রম করলেই তা ‘অতি ভয়ানক’ বলে বিবেচিত হয়। গত কয়েক দিনে রাজধানীর বাতাসের গুণমান সূচক ৪৫০ পেরিয়ে গিয়েছিল। মঙ্গলবার তা পৌঁছয় ৪৯৪-এ, যা এই মরসুমে সর্বোচ্চ। এর পরেই দিল্লির দূষণ মোকাবিলায় কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। চালু করা হয়েছে দূষণ নিয়ন্ত্রণের চতুর্থ স্তরের (সর্বোচ্চ) পদক্ষেপ (গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৪ বা জিআরএপি ৪)। এই বিধি কার্যকর থাকাকালীন অত্যাবশ্যকীয় পণ্যবাহী ছাড়া অন্য কোনও ট্রাক রাজধানী ও সংলগ্ন অঞ্চলে প্রবেশ করতে পারবে না। যদিও বৈদ্যুতিন গাড়ি, ডিজ়েল চালিত বিএস ৬, সিএনজি এবং এলএনজি চালিত ভারী গাড়িকে ছাড় দেওয়া হচ্ছে। দিল্লির বাইরের নম্বর প্লেটের কোনও ছোট পণ্যবাহী গাড়িও অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া চলাচল করতে পারবে না। এ ক্ষেত্রে ছাড় রয়েছে ডিজ়েল চালিত বিএস ৬ গাড়ি, সিএনজি এবং বৈদ্যুতিন গাড়ির জন্য। নির্মাণকাজ পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে দিল্লিতে। সুপ্রিম কোর্ট সোমবার নির্দেশ দিয়েছে, আদালতকে না জানিয়ে চতুর্থ স্তরের এই নিয়ন্ত্রণবিধি শিথিল করা যাবে না।