রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

‘পুতিন শিগগিরই মরবেন’, আশায় জেলেনস্কি

নিউজ ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই মারা যাবেন, আর তা হলেই দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের অবসান ঘটবে বলে তিনি বিশ্বাস করেন।ইউরোপিয়ান সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এ মত প্রকাশ করেছেন বলে বৃহস্পতিবার কিইভ ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

পুতিনের স্বাস্থ্য নিয়ে প্রায়ই নানান গুজব শোনা যায়, তার মধ্যেই ইউক্রেইনের প্রেসিডেন্ট এ কথা বললেন। সংঘাতের চলমান অবস্থা, তাছাড়া বিশ্বনেতাদের স্বাস্থ্যকে ঘিরে যে ধরনের সংবেদনশীলতা থাকে, তা বিবেচনায় নিলে জেলেনস্কির এই মন্তব্যকে বেশ সাহসীই বলতে হয়, বলছে এনডিটিভি।যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেইন সম্প্রতি একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা ও কৃষ্ণসাগরে যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে। এর বিনিময়ে ওয়াশিংটন বিশ্ব বাজারে রাশিয়ার প্রবেশাধিকার বাড়াতে সহায়তার আশ্বাস দিয়েছে।

“পুতিনকে এখনই বৈশ্বিক বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আসতে আমেরিকা যেন সহায়তা না করে, তা খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই বিপজ্জনক হবে বলে মনে করি আমি। সবচেয়ে বিপজ্জনক মুহূর্তগুলোর মধ্যে এটা অন্যতম,” বলেন প্যারিস সফররত জেলেনস্কি।তার মতে, পুতিন আমৃত্যু ক্ষমতায় থাকার আশা করছেন। তার আকাঙ্ক্ষা কেবল ইউক্রেইন ঘিরেই সীমাবদ্ধ নয়, পশ্চিমের সঙ্গে সরাসরি সংঘাতেও জড়িয়ে পড়তে পারেন তিনি।

“আমরা যা করতে পারি তা হল আরও সত্য প্রকাশ করা। আমাদের নিজেদের উদাহরণ দিয়ে প্রমাণ করতে হবে যে আমরা যুদ্ধক্ষেত্রে লড়াই করছি,” বলেছেন তিনি।২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেইনে হামলা শুরুর পর এখন পর্যন্ত এক লাখ ১৩ হাজার বর্গকিলোমিটার বা ইউক্রেইনের আগের মানচিত্রের প্রায় ২০ শতাংশের মতো নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। হাজার কিলোমিটার দীর্ঘ যুদ্ধক্ষেত্রে দুই পক্ষ এখনও লড়াই চালিয়ে যাচ্ছে।


এই বিভাগের আরো খবর