রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পারগওয়াল সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে গুলি চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর টানা ষষ্ঠ দিন যুদ্ধবিরতি লঙ্ঘনের এক দিন পর এ ঘটনা ঘটল। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নওশেরা, সুন্দরবনি এবং আখনূর সেক্টরেও হালকা অস্ত্রের গুলি চালিয়েছে পাকিস্তান।জম্মু-কাশ্মীরের পেহেলগামে মারাত্মক সন্ত্রাসী হামলার পর ২০২১ সালের ফেব্রুয়ারির পর এটি অন্যতম বড় যুদ্ধবিরতি লঙ্ঘন। ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামের বাইসারান উপত্যকায় সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এই হামলা প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলেছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, ভারত সরকার পেহেলগাম সন্ত্রাসী হামলায় পাকিস্তানের জড়িত থাকার ‘ভিত্তিহীন এবং মনগড়া অভিযোগের’ ভিত্তিতে হামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, ভারত একাই একই সঙ্গে ‘বিচারক, জুরি ও জল্লাদের’ ভূমিকা পালন করছে। তিনি বলেন, ‘একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পাকিস্তান আন্তরিকভাবে একটি নিরপেক্ষ বিশেষজ্ঞ কমিশন দ্বারা বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও স্বাধীন তদন্তের প্রস্তাব দিয়েছে।’ তিনি বলেন, ইসলামাবাদ নিজেও সন্ত্রাসের শিকার।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আলাদাভাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে কথা বলেছেন। তিনি পেহেলগাম হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, মহাসচিব তাঁর ফোনকলে আইনানুগ উপায়ে হামলার বিচার ও জবাবদিহি অনুসরণ করার গুরুত্ব উল্লেখ করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় জাতিসংঘের মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এমন সংঘাত এড়ানোর ওপর জোর দিয়েছেন, যা ভয়াবহ পরিণতির কারণ হতে পারে। উত্তেজনা কমাতে সহায়তার জন্য তিনি মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন।


এই বিভাগের আরো খবর