ভিয়েতনামের নীল-সবুজ জলরাশি আর চুনাপাথরের দ্বীপের জন্য ব্যাপক জনপ্রিয় পর্যটন এলাকা হা লং বে-তে ঝড়ের কবলে পড়ে পর্যটকবাহী নৌকা উল্টে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। নৌকা উল্টে যাওয়ার এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন।
দেশটির সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত ওই এলাকায় আকস্মিক ভারী বৃষ্টিপাতের কারণে নৌকাটি উল্টে যায়। সেই সময় নৌকাটিতে ৪৮ জন পর্যটক ও ৫ জন কর্মী ছিলেন।
নৌকাটির যাত্রীদের বেশিরভাগই রাজধানী হ্যানয় থেকে এসেছিলেন; যাদের মধ্যে ২০ জনের বেশি শিশু ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘ভিয়েতনামের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা দুর্ঘটনাস্থল থেকে ১১ জনকে উদ্ধার করেছেন। একই সঙ্গে সেখান থেকে ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’’
হা লং বের এই দুর্ঘটনায় এখনও অন্তত ৮ পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে রাতেও উদ্ধার অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। হা লং বেতে কাজ করা ট্র্যান ট্রং হুং ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, দুপুরের দিকে দ্বীপে আকস্মিক ঝড় শুরু হয়। দুপুর ২টার দিকে আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।
উদ্ধারকৃত ১০ বছর বয়সী এক শিশু ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ভিয়েতনামনেটকে বলেছে, আমি গভীর শ্বাস নিয়ে একটা ফাঁকা জায়গা দিয়ে সাঁতার কেটেছি। এরপর ডুব দিয়ে তিরের কাছাকাছি এলাকায় পৌঁছে চিৎকার করেছি। তখন এক নৌকা থেকে আমাকে টেনে তোলা হয়, সেখানে সৈন্যরা ছিলেন।
দেশটির প্রধানমন্ত্রী ফাম মিন চিন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি দেশটির প্রতিরক্ষা ও জননিরাপত্তা মন্ত্রণালয়কে দ্রুত উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।
সরকারি ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, কর্তৃপক্ষ এই দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।
শনিবার উত্তর ভিয়েতনামের হ্যানয়, থাই নগুইয়েন এবং বাক নিন প্রদেশেও প্রবল বৃষ্টিপাত হয়েছে। রাজধানী হ্যানয় থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দূরে হা লং বে এলাকাটির অবস্থান। রাজধানীতেও ঝোড়ো হাওয়ায় অনেক গাছ উপড়ে পড়েছে।
এই ঝড়ের আগে দেশটিতে টানা তিন দিন ধরে প্রচণ্ড গরম ছিল। কিছু কিছু এলাকায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। দেশটির জাতীয় আবহাওয়াবিষয়ক পূর্বাভাস কেন্দ্রের পরিচালক মাই ভ্যান খিয়েম ভিএনএক্সপ্রেসকে বলেন, দক্ষিণ চীন সাগরে অবস্থান করা গ্রীষ্মকালীন ঝড় উইফার প্রভাবে এই বজ্রঝড় হয়নি।
ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা হা লং বে। প্রতি বছর লাখ লাখ মানুষ এই দ্বীপের নীল-সবুজ জলরাশি আর গভীর বনাঞ্চলে চুনাপাথরের দ্বীপপুঞ্জ দেখতে যান। গত বছর টাইফুন ইয়াগির আঘাতে হা লং বের উপকূলীয় কোয়াং নিং প্রদেশে অন্তত ৩০টি নৌকা ডুবে যায়।