নেটদুনিয়ায় প্রায়ই চর্চায় উঠে আসেন উরফি জাভেদ। অভিনব পোশাকের জন্য কখনও প্রশংসিত হয়েছেন। কখনও বা মুহূর্তে বিতর্ক তৈরি করেছেন। তবে এ বার তিনি নিজেই ফেটে পড়লেন এক মুখগহ্বররের পরিচ্ছন্নতা সংক্রান্ত ব্র্যান্ডের বিরুদ্ধে। সেই সংস্থা থেকে নাকি উরফিকে সম্পূর্ণ নগ্ন হওয়ার প্রস্তাব দেওয়া হয়। বিষয়টি মেনে নেননি নেটপ্রভাবী। সমাজমাধ্যমে বিতর্কটি তুলে ধরেন।


তবে এই প্রথম নয়। এর আগেও নানা বিতর্কে পড়েছেন উরফি। কখনও নিজেও বিতর্ক তৈরি করেছেন। মাস কয়েক আগে এক নাবালকের দ্বারা হেনস্থার শিকার হয়েছিলেন নেটপ্রভাবী। বিষয়টি নিজেই সমাজমাধ্যমে তুলে ধরেছিলেন তিনি।মা জ়াকিয়া সুলতানা, বোন উরুসা, আসফি, ডলি এবং ভাই সমীর আসলামের সঙ্গে মুম্বইয়ের এক রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন উরফি। রেস্তরাঁয় ছবিশিকারিদের ক্যামেরায় ধরা দিচ্ছিলেন তিনি। ঠিক তখনই তাঁদের সামনে দিয়ে একদল কিশোর যাচ্ছিল। তাদের মধ্যে এক জন উরফিকে দেখে প্রশ্ন করে, “কত জনের সঙ্গে সহবাস করেছ?” প্রশ্ন শুনেই চটে যান উরফি।

সমাজমাধ্যমে পোস্ট করে লেখেন, “গত কাল আমার ও আমার পরিবারের সঙ্গে খুবই অস্বস্তিকর একটা ঘটনা ঘটে। আমি যখন ছবি তুলছি, পাশ দিয়ে একদল ছেলে যাচ্ছিল। তাদের মধ্যে একটা ছেলে সকলের সামনে আমাকে প্রশ্ন করে, ‘কত জনের সঙ্গে সহবাস করেছ?’ ছেলেটার বয়স ১৫-র কাছাকাছি। আমার মা ও গোটা পরিবারের সামনে ছেলেই এই প্রশ্ন করে।” এই ঘটনায় অস্বস্তিকে পড়েছিলেন উরফি। নাবালককে ঘুষি মারতেও ইচ্ছে করছিল বলে জানিয়েছিলেন তিনি।