ছোট পর্দা থেকে সফর শুরু। বাঙালি দর্শক তাঁকে চেনে ‘মিঠাই’ নামে। সেখান থেকে সোজা পাড়ি বড় পর্দায়। বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম তারকা দেবের নায়িকা হয়ে ‘প্রধান’ ছবিতে অভিনয়। সম্প্রতি ওটিটি মঞ্চেও তিনি অভিনয়ের যাত্রা শুরু করেছেন। সমাজমাধ্যমেও তাঁকে নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। এ বার ‘বছরের বেস্ট ২০২৪’-এ বিনোদন জগৎ থেকে সেরার শিরোপা পেলেন সৌমীতৃষা কুন্ডু।


পুরস্কার পেয়ে সৌমীতৃষার স্বীকারোক্তি, “সত্যিই আমার গলা কেঁপে যাচ্ছে।” এই মঞ্চে পুরস্কৃত হয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “উপস্থিত সকলকে আমার প্রণাম। এখানে যাঁদের আমি দেখছি, যাঁরা পুরস্কার পাচ্ছেন, প্রত্যেকে খুব গুণী। তাঁদের প্রতিভার সামনে আমি অতি নগণ্য। আমি শুধু অভিনয়টুকু করতে পারি।” মঞ্চে দাঁড়িয়ে সৌমীতৃষা জানান, এই পুরস্কার তাঁর কাছে খুবই সম্মানের। ধন্যবাদ জানান আনন্দবাজার ডট কমকে। অভিনেত্রী বলেন, “এমন সম্মানে ভূষিত হলে, আমাদের দায়িত্ব অনেকটা বেড়ে যায়। আরও এগিয়ে যেতে হবে। ছোট্ট ছোট্ট পায়ে যাতে আরও এগোতে পারি, সেই আশীর্বাদ দেবেন।”