সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

‘ওজন ও পোশাক দিয়ে ওঁকে মাপছেন?’ কী মত মাধুরীর?

বিনোদন ডেস্ক
আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬

কান চলচ্চিত্র উৎসবে এ বার উপস্থিত ছিলেন ঐশ্বর্যা রাই বচ্চন। অনুরাগীরা উচ্ছ্বসিত হয়েছিলেন। তবে নিন্দকেরও অভাব নেই। তাঁরা ঐশ্বর্যার চেহারার গড়ন, সাজ নিয়ে কটাক্ষ করতে থাকেন। সেই কটাক্ষকারীদের বিরোধিতা করেছেন কঙ্গনা রনৌতও। এ বার মুখ খুললেন মাধুরী দীক্ষিত।

‘দেবদাস’ ছবির সময়ে অনবরত দুই নায়িকার মধ্যে তুলনা হয়েছিল। সহ-অভিনেত্রীর পাশে দাঁড়ালেন মাধুরী। সমাজমাধ্যমের প্রবণতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাধুরীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ঐশ্বর্যাকে যে ধরনের সমালোচনা ও ট্রোলিংয়ের মুখে পড়তে হচ্ছে, তা কি ঠিক? আজকের পৃথিবী কি তারকাদের প্রতি ক্রমশ কঠোর হয়ে উঠেছে? জবাবে মাধুরী বলেন, “আমার মনে হয় আগেও এমন মানুষও ছিল, এখনও আছে, যারা অন্যদের নিয়ে মন্তব্য করে। আগে তাদের হাতে মন্তব্য করার মতো কোনও মাধ্যম ছিল না। এখন সমাজমাধ্যমের জন্য সবাই সহজেই নিজের মতামত প্রকাশ করতে পারছে।”

এমন এক জন তারকাকে কোনও ভাবেই ওজন ও বয়সের মাপকাঠিতে বিচার করা যায় না বলে জানান মাধুরী। তাঁর কথায়, “ওঁকে শুধু ওজন, পোশাকের মাপ, বা বয়সের সংখ্যার মধ্যে বিচার করা যায় না। তিনি সুন্দর দেখতে। কিন্তু তার চেয়েও বড় কথা, তিনি ভিতর থেকেও একজন সুন্দর মানুষ। আমি ওঁর সঙ্গে কাজ করেছি, তাই আমি এটা জানি।”

তিনি আরও বলেন, “মানুষকে বুঝতে হবে যে, এ ধরনের মন্তব্য করে তারা আজকের তরুণ প্রজন্মকে কী বার্তা দিচ্ছে। এক জন মানুষের মূল্য কি শুধুই তার চেহারার উপর নির্ভর করে, তার সাফল্যের উপর নয়? আমার মনে হয়, এটি একেবারেই ভুল বার্তা।”


এই বিভাগের আরো খবর