সিসিটিভি ফুটেজে দেখা যায়, ক্রসিং দিয়ে রেললাইন অতিক্রমের সময় সিএনজিটিকে কক্সবাজারগামী ট্রেন পর্যটক এক্সপ্রেস ধাক্কা দেয়। এ সময় ক্রসিংয়ে কোনো নিরাপত্তারক্ষী ছিলেন না। নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তার বোন কাশিফা জান্নাত (২০), তিন বছর বয়সী সাহিল ও পাঁচ মাস বয়সী মাশরুফা।
মনোয়ারা বেগম নামে নিহতদের এক স্বজন জানান, জুমার নামাজের পর পরিবারের সদস্যরা রামুর উমখালী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং পার হওয়ার সময় তাদের বহনকারী অটোরিকশাটি চলন্ত ট্রেনের সামনে পড়ে যায়। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।
কক্সবাজার রেলস্টেশনের মাস্টার জয়নাল আবেদিন বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কা খেয়ে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রীরা হতাহত হন।







