রাজশাহী জেলায় চলতি মৌসুমের আমন ধান কাটা ও মাড়াইয়ের ধুম পড়েছে। অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের নিয়মিত তদারকিতে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে জেলার ৩১ শতাংশ জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত ধান কাটা ও মাড়াই চলবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার ৯টি উপজেলা ও মহানগরীর দুটি থানাসহ মোট ৮৩ হাজার ৬৭০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এসব জমি থেকে ৪ লাখ ৭১ হাজার ৫০০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ১৪ হাজার ৩৩৬ মেট্রিক টন।
জেলায় সবচেয়ে বেশি আমন আবাদ হয়েছে গোদাগাড়ী উপজেলায়। এ উপজেলায় ২৩ হাজার ৭৬২ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এরপর তানোর উপজেলায় ২২ হাজার ৭১ হেক্টর এবং পবা উপজেলায় ৯ হাজার ১৪০ হেক্টর জমিতে আবাদ হয়েছে।
এছাড়া পুঠিয়া উপজেলায় ৭ হাজার ৩৯৫ হেক্টর, দুর্গাপুরে ৫ হাজার ৬৪৫ হেক্টর, চারঘাটে ৫ হাজার ৪৫৯ হেক্টর, মোহনপুরে ৪ হাজার ১০০ হেক্টর, বাগমারায় ৩ হাজার ৭২৫ হেক্টর এবং বাঘা উপজেলায় ২ হাজার ৩৫২ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। মহানগরীর মতিহার থানায় ২১ হেক্টর এবং বোয়ালিয়া থানায় ৯ হেক্টর জমিতে এ আবাদ হয়েছে।
জেলার মাঠে সোনালি ধানের শীষ দোল খাচ্ছে। পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ফলন ভালো হওয়ায় উৎপাদন খরচ পুষিয়ে এবার ভালো লাভের আশা করছেন তারা।
গোদাগাড়ী উপজেলার কৃষক মো. সাইদুল ইসলাম বলেন, ‘এবার আবহাওয়া বেশ ভালো ছিল। রোগবালাইয়ের আক্রমণও তুলনামূলক কম ছিল। আমার জমিতে ধানের ফলন খুব ভালো হয়েছে। ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু করেছি। ফলন ও দাম ঠিক থাকলে এবার আমনে লাভ হবে।’
তানোর উপজেলার কৃষক মো. সুমন বলেন, ‘আমাদের এলাকায় আমনের আবাদ বেশি হয় এবং এবার ফলনও ভালো হয়েছে। তবে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর অতিরিক্ত উপপরিচালক (শস্য) মিতা সরকার বলেন, জেলায় ৮৩ হাজার ৬৭০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এসব জমি থেকে ৪ লাখ ৭১ হাজার ৫০০ মেট্রিক টন ধান এবং ৩ লাখ ১৪ হাজার ৩৩৬ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৩১ শতাংশ জমির ধান কাটা হয়েছে। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত ধান কাটা চলবে। হেক্টরপ্রতি গড়ে ৩ দশমিক ৮০ মেট্রিক টন ধান উৎপাদিত হচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই কৃষকরা জেলার সব আমন ধান নিরাপদে ঘরে তুলতে পারবেন। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে।