চলতি বছরে ওঠাপড়া যেন লেগেই থেকেছে অনন্যা পাণ্ডের জীবনে। টানা দু’বছর সম্পর্কে থাকার পরে আদিত্য রয় কপূরের সঙ্গে প্রেমে ভাঙন ধরে। প্রেম ভাঙার পরে মনও ভেঙেছিল অনন্যার। আবার এই বছরই নতুন প্রেম খুঁজে পেয়েছেন তিনি। যদিও নতুন প্রেমিক ওয়াকার ব্ল্যাঙ্কোকে নিয়ে এখনও মুখ খোলেননি অনন্যা। তবে কেমন প্রেমিক চান, তা এক সাক্ষাৎকারে বলেছেন অভিনেত্রী।

অনন্যা মনে করেন, রেগে গেলেই মানুষের আসল রূপ বোঝা যায়। স্বাভাবিক বা শান্ত পরিস্থিতিতে সকলকেই ভদ্র মনে হয়। অভিনেত্রী বলেছেন, “আমি এক জায়গায় পড়েছিলাম, ঝগড়া হলে বা মন কষাকষি হলে কে কেমন আচরণ করে সেটা দেখা উচিত। এটা সত্যিই গুরুত্বপূর্ণ। ভাল মুহূর্তে তো সবই ভাল লাগে। কিন্তু মতান্তর হলে বোঝা যায়, সঙ্গী আপনাকে সম্মান করছে কি না।” উল্লেখ্য, অনন্যাকে শেষ দেখা গিয়েছে ‘কল মি বে’ ওয়েব সিরিজ় ও ‘কন্ট্রোল’ ছবিতে।