শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

দক্ষিণ ভারতীয় মাংসের ব্যঞ্জন মশলা দিয়ে দেউলিয়া রোমের ব্যাঙ্ক!

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ভারতীয় রান্নার বৈচিত্র এবং মশলার সুগন্ধ বরাবরই মুগ্ধ করেছে বিশ্বের তাবড় রন্ধনশিল্পীদের। দুনিয়ার খ্যাতনামী সব শেফ বা রন্ধনশিল্পীরা সেই সব মশলার উৎসের সন্ধানে হাজির হয়েছেন এ দেশে। সেই তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার এক তারকা রন্ধনশিল্পী গ্যারি মেহিগান-ও। যিনি ভারতীয় এক বিশেষ মশলার স্বাদ এবং ইতিহাসে মুগ্ধ হয়েছেন।

ভারতীয় মশলার উৎসের সন্ধানে দক্ষিণ ভারতে এসেছিলেন গ্যারি। কারণ, দক্ষিণ ভারতের মালাবার উপকূল, যা বর্তমানে কেরল ও কর্নাটকের উপকূলীয় অঞ্চল, এককালে এ দেশের সুগন্ধি মশলার ‘খনি’ বলে বিবেচিত হত। গ্যারি তাঁর সেই দক্ষিণ ভারত সফরের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে সম্প্রতি এক মুরগির মাংসের রেসিপি ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। সেই সঙ্গে শুনিয়েছিন ওই বিশেষ মশলাটির গল্প।

গ্যারি বলেছেন, একসময়ে দক্ষিণ ভারতে পাওয়া ওই গোলমরিচ এতটাই মূল্যবান ছিল যে মশলাটিকে ‘কালো সোনা’ বা ‘ব্ল্যাক গোল্ড’ বলা হত। প্রাচীন রোমান সাম্রাজ্যে ভারতের মালাবার উপকূলের ওই গোলমরিচের চাহিদা ছিল আকাশছোঁয়া। ইতিহাসবিদ প্লিনি দ্য এল্ডারের লেখাতেও এই মশলার উল্লেখ রয়েছে। শোানা যায়, রোম থেকে বিপুল পরিমাণ সোনা ও রুপো প্রতি বছর ভারতে চলে আসত শুধুমাত্র গোলমরিচ ও অন্যান্য মশলা কেনার জন্য। যা প্রাচীন রোমের অর্থনীতি ও রাজকোষকে প্রায় দেউলিয়া হওয়ার মুখে ঠেলে দিয়েছিল! গ্যারি নিজেও স্বীকার করেছেন, তাঁর হেঁশেলে অন্য যে কোনও মশলার চেয়ে গোলমরিচের ব্যবহারই সবচেয়ে বেশি।

উপকরণ:

৬ টুকরো মুরগির মাংস (লেগপিস বা থাই)

১/২ চা-চামচ হলুদগুঁড়ো

স্বাদমতো নুন

অর্ধেক পাতিলেবুর রস

৪টি বড় পেঁয়াজ কুচোনো

৩ টেবিলচামচ আদা-রসুনবাটা

২টি ছোট কাঁচালঙ্কা কুচোনো

১০টি কারিপাতা

১ চা-চামচ গোটাজিরে

দেড় টেবিলচামচ আধভাঙা গোলমরিচগুঁড়ো

২ চা-চামচ গরম মশলাগুঁড়ো

১ চা-চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো

৪টি থেঁতো করা ছোট এলাচ

১/২ কাপ ধনেপাতা কুচোনো

৫০০ মিলি চিকেন স্টক বা জল

প্রণালী: প্রথমে মুরগির মাংসের টুকরোগুলি নুন, হলুদগুঁড়ো ও পাতিলেবুর রস মাখিয়ে আধ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এ বার কড়াইয়ে সামান্য নারকেল তেল গরম করে মাংসের টুকরোগুলি কড়া আঁচে সোনালি করে ভেজে তুলে রাখুন।

ওই তেলেই গোটাজিরে, কারিপাতা ও পেঁয়াজকুচি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এর পর আদা-রসুনবাটা, কাঁচালঙ্কাকুচি এবং সমস্ত গুঁড়োমশলা দিয়ে মিনিট দুয়েক ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়লে চিকেন স্টক ও ভাজা মাংস দিয়ে ফুটিয়ে নিন। আঁচ কমিয়ে ঢাকা দিয়ে প্রায় ৪৫ মিনিট রান্না করুন, যতক্ষণ না মাংস নরম হয়ে গ্রেভি ঘন হয়ে আসে।সব শেষে নারকেল দুধ, ধনেপাতা কুচোনো এবং উপর থেকে আরও কিছুটা টাটকা গোলমরিচগুঁড়ো ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।


এই বিভাগের আরো খবর