বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন

দাবি মানল কেন্দ্র, মিছিল থেকে সরল সিজেপি

আন্তর্জাতিক ডেস্ক নিউজ
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নিট-কেলেঙ্কারির প্রতিবাদে দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে পথে নেমেছিলেন পড়ুয়ারা। সেই কর্মসূচি চলাকালীন ২০ থেকে ২৫ জুলাইয়ের বিভিন্ন ঘটনা নিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে আদালত দিল্লি, বিহার, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও অসমে ২০–২৫ জুলাইয়ের আন্দোলন-সংক্রান্ত এফআইআর বাতিল করেছে এবং অন্য রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে একই ধরনের এফআইআর বন্ধ করার নির্দেশ দিয়েছে। এ ক্ষেত্রে সংবিধানের ১৪২ ধারা প্রয়োগ করেছে তারা। তবে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানিয়েছে, যে ২,৮৭৩ জন আন্দোলনকারীর বিরুদ্ধে অতীতে অপরাধের মামলা ছিল, তাঁদের বিরুদ্ধে নতুন করে এফআইআর করবে দিল্লি পুলিশ। ককরোচ জনতা পার্টি (সিজেপি) ৫ সেপ্টেম্বর যে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছিল, তা বাতিল করছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টে।

সিজেপি অভিযোগ করেছিল, নিট-কেলেঙ্কারির বিরুদ্ধে আন্দোলনের সময় কেন্দ্রীয় সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পালন করা হচ্ছে না। এমনকি, এফআইআর প্রত্যাহারের প্রতিশ্রুতিও তারা রাখেনি। সেই কারণে ৫ সেপ্টেম্বর দিল্লিতে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় সিজেপি। ঘটনাচক্রে, তার পরেই সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার এবং দিল্লি পুলিশ। মনে করা হচ্ছে, আরশোলাদের চাপেই সেই পদক্ষেপ করতে বাধ্য হয়েছে কেন্দ্র। তার পরেই তারা সুপ্রিম কোর্টে আর্জি জানায়, নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে বিক্ষোভে অংশগ্রহণকারী পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর খারিজ করা হোক। কেন্দ্রীয় সরকার এবং দিল্লি পুলিশের হয়ে আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি জানান, নিট-কেলেঙ্কারির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি চলাকালীন ২০ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে বিভিন্ন ঘটনায় আন্দোলনকারীদের বিরুদ্ধে নতুন করে আর কোনও এফআইআর দায়ের করা হবে না।
তার পরেই মঙ্গলবার প্রধান বিচারপতি কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চের পর্যবেক্ষণ, ‘‘২০ থেকে ২৫ জুলাইয়ের (প্রতিবাদের) ঘটনায় অন্য কোনও রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও মামলা হলে তা বাতিল বলে ধরে নেওয়া হবে।’’ তবে যে ২,৮৭৩ জন আন্দোলনকারী অতীতে অপরাধে জড়িয়েছেন, তাঁদের বিরুদ্ধে নতুন করে মামলা করবে দিল্লি পুলিশ।
কেন্দ্র ও দিল্লি পুলিশের সওয়াল

২৫ জুলাই কেন্দ্রীয় সরকার এবং সিজেপির মধ্যে কী আলোচনা হয়েছিল, তা নিয়ে মঙ্গলবার আদালতকে বিস্তারিত তথ্য দেন সলিসিটর জেনারেল মেহতা। তার পরেই তিনি দিল্লি পুলিশের আবেদনের কথা উল্লেখ করেন। আবেদনে দিল্লি পুলিশ জানায়, অতীতে অপরাধের মামলা রয়েছে এমন ২,৮৭৩ আন্দোলনকারীর বিরুদ্ধে নতুন করে এফআইআর করা হবে। মেহতা এ-ও জানিয়েছেন, প্রতিশ্রুতি রেখে পশ্চিমবঙ্গ, বিহার, অসম, মহারাষ্ট্র সরকার সুপ্রিম কোর্টে আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর বাতিলের আবেদন করেছে। নিট কেলেঙ্কারির পরে যে পড়ুয়ারা আত্মঘাতী হয়েছেন, তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার বিষয়েও ভাবনাচিন্তা করছে কেন্দ্রীয় সরকার। সেই প্রক্রিয়া নিয়ে ভাবনাচিন্তার জন্য তিন মাস সময় চেয়েছে তারা। সুপ্রিম কোর্ট ক্ষতিপূরণের প্রক্রিয়া চূড়ান্ত করতে তিন মাস সময় দিয়েছে। পাশাপাশি জানিয়েছে, আন্দোলনের সময় পুলিশের পদক্ষেপে আহতদের চিকিৎসারও ব্যবস্থা করতে হবে কেন্দ্রীয় সরকারকে।

সিজেপির ঘোষণা

৫ সেপ্টেম্বর যে কর্মসূচির কথা ঘোষণা করেছিল সিজেপি, তা বাতিল করা হয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চকে সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, ‘‘ভারত সরকার ইতিবাচক আশ্বাস দিয়েছে। তাই সিজেপি মনে করছে ৫ সেপ্টেম্বরের প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করা উচিত।’’ তার পরেই প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘উভয় পক্ষই ভাল আচরণ করলে সব কিছুরই সমাধান সম্ভব।’’

ধর্মেন্দ্রের ইস্তফার পরে কেন্দ্রের সঙ্গে ফের এক দফা বৈঠকে বসেন সিজেপি নেতৃত্ব। বৈঠক শেষে তাঁরা জানান, কেন্দ্র তাঁদের সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সেই বিশ্বাস থেকেই তাঁরা আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছেন বলে ঘোষণা করেন সিজেপি নেতৃত্ব।

তার পরে এক মাস কেটে গেলেও কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করেনি বলে অভিযোগ করে সিজেপি। তারা দিল্লিতে কর্মসূচির কথাও ঘোষণা করে।


এই বিভাগের আরো খবর