ছবিমুক্তির সময় একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা। কোথাও বিষাক্ত গ্যাসে বেশ কিছু মানুষ অসুস্থ। কোথাও তীব্র উত্তেজনায় পদপিষ্ট হয়ে মৃত একাধিক। প্রেক্ষাগৃহে আগুন জ্বালানোর মতো ঘটনাও ঘটেছে। তার পরেও ‘পুষ্পা ২’ নিয়ে অল্লু অর্জুনের ভক্তদের উন্মাদনা কিন্তু থামেনি। সেই উল্লাস আরও জোরালো ছবির শেষে। নির্মাতা সুকুমারের তরফ থেকে ‘পুষ্পা ৩’-এর ঘোষণা হয়েছে।
পাশাপাশি, আরও একটা কথা ঘুরছে দক্ষিণী বিনোদন দুনিয়ায়। পরের পর্বে দর্শকের জন্য আরও একটি বড় চমক অপেক্ষা করছে। ছবির খলনায়ক বদলে যেতে পারে। দ্বিতীয় পর্বে দুই জবরদস্ত খলনায়ক ফহাদ ফাসিল এবং তারক পোন্নাপ্পা দুরন্ত অভিনয় করেছেন। আগামী ছবিতে সেই জায়গাতেই নাকি অভিনয় করতে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা।