ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলে ধারণা করছে স্থানীয় পুলিশ। ফরাসি বার্তা সংস্থা এএফপি ও মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর খবরে বলা হয়েছে, আহমেদাবাদ শহরের পুলিশ প্রধান এ কথা জানিয়েছেন।
এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন ব্যস্ত বলিউড তারকারাও। খবরটি পাওয়ার পর থেকে ভেঙে পড়েছেন আমির খান। জানিয়েছে তার সহযোগী দল।
এদিকে বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল সালমান খানের। কিন্তু এই বিমান দুর্ঘটনার পরে বাকরুদ্ধ তিনিও। তাই এই অনুষ্ঠান বাতিল করেছেন তিনি। অনুষ্ঠানের আয়োজকদের তরফ থেকে বলা হয়েছে, ‘যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। আমরা এই মুহূর্তে দেশের সঙ্গে রয়েছি।’
অক্ষয় কুমার এক্স-এ লেখেন, ‘এই দুর্ঘটনায় বাকরুদ্ধ ও শোকাহত। এখন কেবল প্রার্থনাই করছি।’ অনন্যা পান্ডে ইনস্টাগ্রামে হাতজোড় করে প্রার্থনার ইমোজি শেয়ার করেন।
জাহ্নবী কাপুর লেখেন, ‘আহমেদাবাদ থেকে উড্ডয়নের পর এয়ার ইন্ডিয়া ফ্লাইটের দুর্ঘটনার খবর শুনে মর্মাহত। এই ধরনের ট্র্যাজেডির ওজন ভাষায় প্রকাশ করা কঠিন। যাত্রী, ক্রু এবং তাদের প্রিয়জনদের জন্য গভীরভাবে প্রার্থনা করছি।’
শিল্পা শেঠি লিখেছেন, ‘এই মর্মান্তিক ঘটনায় বাকরুদ্ধ। সবাইকে আমার প্রার্থনায় রাখছি।’ ভিকি কৌশল বলেন, ‘এই দুর্ঘটনার খবর হৃদয় ভেঙে দিয়েছে। ২৪২ জন যাত্রী ও ক্রু ছিলেন, সবাই নিরাপদ থাকুক—এই কামনা।’
সানি দেওল লেখেন, ‘খবরটি শুনে স্তব্ধ। প্রার্থনা করছি যেন কেউ বেঁচে থাকেন। যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মা শান্তি পাক।’
রিতেশ দেশমুখ লেখেন, ‘এই ভয়াবহ ঘটনায় মন ভারাক্রান্ত। যাত্রীদের পরিবার এবং প্রিয়জনদের জন্য হৃদয় কাঁদছে।’ পরিণীতি চোপড়া লেখেন, ‘ভেবে শিউরে উঠছি, যাত্রীদের পরিবারের কী অবস্থা এখন! তাদের জন্য প্রার্থনা।’
রণদীপ হুদা জানান, ‘আহমেদাবাদের দুর্ঘটনার খবর হৃদয়বিদারক। বেঁচে যাওয়ার আশায় প্রার্থনা ও উদ্ধারকর্মীদের জন্য শুভকামনা।’
উল্লেখ্য, এআই-১৭১ নম্বরের এই বিমানটি বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে ভারতের অহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে। সেটি ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। উড়ার কিছুক্ষণের মধ্যেই লোকালয়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ে।
বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন। যাদের মধ্যে ২১৭ জন প্রাপ্তবয়স্ক, ১১ জন শিশু ও ২ জন নবজাতক। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডীয় নাগরিক বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।