ইনস্টাগ্রামে কিছু পোস্ট করলেই শেষে লেখেন ‘দুগ্গা দুগ্গা’! বাঙালি বাড়িতে মায়েরা ওই ভাবে প্রিয়জনের বিদায়ের সময় শুভকামনা জানান। সুস্মিতা সেনও বোঝাতে কোনও দ্বিধা করেন না, তিনি শুধু জন্মসূত্রে নয়, ভিন্রাজ্যে থেকেও মনেপ্রাণে বাঙালি। তবে তিনি যে খাদ্যরসিক বাঙালিদের মতো ‘মাছে ভাতে’ই তুষ্ট থাকেন, তা জানা গেল তাঁর ইনস্টাগ্রামের লাইভ সেশন থেকে।
তবে সুস্মিতার মাছপ্রীতি শুধু বাঙালি পদে সীমাবদ্ধ নয়। মাছ দিয়ে তৈরি জাপানি খাবার সুসি খেতেও ভালবাসেন বাংলার একমাত্র ‘ব্রহ্মাণ্ডসুন্দরী’। এর আগে একটি ইনস্টাগ্রাম লাইভেই জাপানি সুসির প্রতি তাঁর প্রেমের কথা জানিয়েছিলেন। বলেছিলেন, ‘‘আমি সুসির বিগ ফ্যান’’, অর্থাৎ বড় ভক্ত।