মঙ্গলবার রাত থেকে টলিপাড়ায় গুঞ্জন, স্টার জলসার ধারাবাহিক ‘রোশনাই’-এর নায়িকা নাকি বদলে যাচ্ছে। ধারাবাহিকে নায়ক শন বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে এত দিন অভিনয় করেছেন অনুষ্কা গোস্বামী। গুঞ্জন, তাঁর জায়গায় নাকি আসছেন তিয়াশা লেপচা। তিনি ‘কৃষ্ণকলি’, ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই জনপ্রিয়।
আনন্দবাজার অনলাইন এর পর যোগাযোগ করে তিয়াশার সঙ্গে। ফোনে তাঁর গলায় উচ্ছ্বাস। প্রশ্ন রাখতেই তিনি বলেছেন, “হ্যাঁ, খবর সত্যি। ‘রোশনাই’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে আমি আসছি।” এই ধারাবাহিকের কাহিনি-চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়। তিয়াশা জানিয়েছেন, অনেক দিন ধরে লীনার সঙ্গে কাজের ইচ্ছে ছিল তাঁর। অবশেষে সেই ইচ্ছে পূরণ হচ্ছে।পরিচিত চরিত্রে নিজেকে খাপ খাওয়ানো যথেষ্ট চাপের। তিয়াশা কি নিজের বাড়তি যত্ন নিয়ে চরিত্রের উপযোগী করে গড়ে নিচ্ছেন?
নায়িকার দাবি, তিনি যে কোনও চরিত্রে অভিনয়ের আগেই পরিশ্রম করেন। ভাল করে চিত্রনাট্য পড়েন। পরিচালকের থেকে দৃশ্য বুঝে নেন। এ ক্ষেত্রেও সেটাই করছেন। অনুষ্কার ছাড়া জুতোয় পা গলাতে কোনও অস্বস্তি ছিল? হাসতে হাসতে তিয়াশা ফের বললেন, “ওই যে বললাম, লীনাদির সঙ্গে কাজ করার খুব ইচ্ছে ছিল। ওঁর জন্য ছেড়ে যাওয়া জুতোয় পা গলাতেও কোনও আপত্তি নেই আমার।”