ফ্রি প্রেস জার্নালকে দেওয়া ওই সাক্ষাৎকারে ডেইজি জানান, ঘটনাটি ঘটেছিল মুম্বাইয়ে। সেই নির্মাতা কাস্টিংয়ের জন্য মুম্বাই এসেছিলেন। ডেইজিসহ প্রায় ৬-৭ জন তরুণী সেখানে অডিশন দিতে যান। নির্মাতা প্রত্যেককে আলাদাভাবে ডেকে কথা বলছিলেন। ডেইজি যখন ভেতরে যান, তখন ওই ব্যক্তি তার হাত ধরে ফেলেন এবং আপত্তিকরভাবে স্পর্শ করেন। তখন বিষয়টি ডেইজির কাছে অত্যন্ত অস্বস্তিকর মনে হওয়ায় তিনি তাৎক্ষণিক সেখান থেকে বেরিয়ে আসেন।

শুধু পুরুষ না, নারীদের স্পর্শও এই অভিনেত্রীর কাছে অসহ্যকর। ডেইজি শাহ বলেন, আমি ছোটবেলা থেকেই অপরিচিত কারও স্পর্শ বা শারীরিক সান্নিধ্য নিয়ে বেশ সচেতন। এমনকি আমি নারীদের কাছেও ম্যাসাজ নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। সেখানে একজন পুরুষ নির্মাতার এমন আচরণ আমাকে স্তব্ধ করে দিয়েছিল। আমি তাকে শুধু বলেছিলাম ‘আমি পরে জানাব’, কিন্তু এরপর আর কখনোই তার সঙ্গে যোগাযোগ করিনি। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ডেইজি এখন আর একা কারও সঙ্গে দেখা করেন না বলেও জানান।

একই সাক্ষাৎকারে সালমান খানের মাধ্যমে ক্যারিয়ার গড়ার গুঞ্জন নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। জানান, শোবিজে কারও সমর্থনকে নেতিবাচকভাবে দেখার কিছু নেই। তার মতে, ইন্ডাস্ট্রি একটি চেইনের মতো কাজ করে; কেউ কাউকে সাহায্য করলে সেই কৃতজ্ঞতা বজায় রাখাটাই স্বাভাবিক।







