অবশেষে জট কেটেছে। মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাউতের ছবি ‘ইমার্জেন্সি’। প্রথম পরিচালিত ছবিটির মুক্তি নির্বিঘ্ন করতে কালঘাম ছুটেছিল অভিনেত্রী। ১৭ জানুয়ারি ছবি মুক্তি পেলে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন তিনি। এ ছবির চিত্রনাট্যকার, প্রযোজকও কঙ্গনা নিজেই। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রেও তিনি নিজেই অভিনয় করেছেন। আর তাই অভিনেত্রী তথা বিজেপি সাংসদ ছবিটি দেখতে প্রিয়ঙ্কা গান্ধীকে অনুরোধ জানিয়েছেন।
গান্ধী-নেহরু পরিবারের সকলকেই কি আনুষ্ঠানিক ভাবে আমন্ত্রণ জানাবেন কঙ্গনা? প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, “আগে দেখা যাক, ওঁরা ছবিটা দেখতে চান কি না। এই ছবিতে আসলে খুবই স্পর্শকাতর অধ্যায় এবং একজন ব্যক্তিত্বকে তুলে ধরা হয়েছে। ইন্দিরা গান্ধীর চরিত্রকে সম্মান ও যত্নের সঙ্গে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। গবেষণা করার সময়ে লক্ষ করেছিলাম, ওঁর ব্যক্তিগত জীবন, সম্পর্ক, স্বামী, বন্ধুত্ব, বিতর্কিত যোগাযোগ নিয়েও প্রচুর আলোচনা হয়েছে। আমি নিজেও ভেবেছি, বহু দিক রয়েছে এই ব্যক্তিত্বের।”