বুধবার রাতে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন এআর রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানু। তার ঘণ্টাখানেকের মধ্যে রহমানের ট্রুপের সহযোগী মোহিনী দে-ও তাঁর স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন। আর তার পরেই দুইয়ে-দুইয়ে চার করতে শুরু করেন অনেকে। সমাজের নীতিপুলিশেরা আঙুল তুলতে শুরু করেন মোহিনীর দিকে। তাঁদের ধারণা, এই বঙ্গললনার কারণেই নাকি ঘর ভেঙেছে সুরকারের। যদিও লোকের কথায় কান দেওয়ার পাত্রী নন মোহিনী। দিব্যি শো করছেন, নিজের স্বাভাবিক জীবনযাপন করছেন। কিন্তু, আতশকাচের তলায় যেন বার বার রাখা হচ্ছে অস্কারপ্রাপ্ত সুরকার রহমানকে। ক্রমাগত সমালোচনা, কটাক্ষের মাঝে এ বার মুখ খুললেন রহমানের মেয়ে।