সম্প্রতি এক রিয়ালিটি শো-তে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভিনেত্রী জিনাত আমন। সেখানেই তাঁর কৈশোরের স্মৃতি ভাগ করে নেন অভিনেতা চাঙ্কি পাণ্ডে। তিনি বলেন, “জিনাত জানেন আপনার ছবি দেখার জন্য আমি মেয়ে সাজতে বাধ্য হয়েছিলাম। আপনার ‘সত্যম শিবম সুন্দরম’ ছবি মুক্তির সময় আমি মাত্র পনেরো বছর বয়সি। তিন-চারবার চেষ্টা করেছিলাম ছবি দেখার জন্য। বারবার আমাকে সিনেমাহল থেকে বের করে দেওয়া হয়েছে। শেষমেশ আমি ওই ছবি দেখার জন্য বোরখা পরে সিনেমাহলের ভিতরে গিয়েছিলাম। আর দেখে মুগ্ধ হয়েছিলাম।”
১৯৭৮ সালে মুক্তি পায় ‘সত্যম শিবম সুন্দরম’ । রাজ কাপুর পরিচালিত এই ছবিটির মূল চরিত্রে ছিলেন শশী কাপুর এবং জিনাত আমন। রিল লাইফে জিনাত তথা রূপা হলেন একজন গ্রাম্য মহিলা। যাঁর রূপের ছটায় মুগ্ধ হয়ে যান শশী কাপুর অর্থাৎ পর্দার রাজীব। এই ছবি মন কেড়েছিল বহু দর্শকের। এছাড়া ছবির গানও মন জয় করেছিল সকলের। চাঙ্কি পাণ্ডের কথা শুনে স্মৃতিমেদুর হয়ে পড়েন জিনাতও। কাঠমান্ডু ছবির স্মৃতি ভাগ করে নেন। ছবির শুটিংয়ের সময় বহু মানুষ ভিড় জমিয়েছিলেন বলেই জানান অভিনেত্রী। যা তাঁকে মুগ্ধ করেছিল। আবার ওই ভিড় দেখে খানিকটা চিন্তিতও হয়ে পড়েছিলেন জিনাত।







