সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

‘কান’ পোশাক : অঞ্জনার নিশানায় কে

বিনোদন ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

চলচ্চিত্র দুনিয়ায় কান উৎসবের মর্যাদা প্রথম সারিতে। বিশ্বের সেরা সেরা সিনেমা-শিল্পী-কুশলীরা এখানে অংশ নেয়, গুণী বিচারকের পর্যালোচনায় পায় পুরস্কার। যদিও বিখ্যাত এই উৎসবে বাংলাদেশের উল্লেখযোগ্য কোনও প্রাপ্তি নেই। তবু প্রতি বছরই উৎসবটি ঘিরে দেশের শোবিজে বাড়তি আগ্রহের আমেজ দেখা যায়।

সম্প্রতি শেষ হয়েছে কানের ৭৭তম আসর। আর এই শেষ হওয়া আসরের সূত্র ধরেই ঢাকাই সিনেমার অভিনেত্রী অঞ্জনা রহমান বলেছেন, আন্তর্জাতিক আয়োজনে গিয়ে নিজ দেশ-জাতির সংস্কৃতিকে অবজ্ঞা করা উচিত নয়।

তাচ্ছিল্যের সুরে অঞ্জনা প্রশ্ন ছুড়েছেন এভাবে, ‘খোলামেলা পোশাক কখনোই বাঙালি সংস্কৃতির বাহক নয়। বাঙালি সংস্কৃতি, কৃষ্টির প্রতি যার কোনও মমত্ববোধ না থাকে, সে আবার কিসের শিল্পী?’

কাকে উদ্দেশ্য করে এমন পোস্ট দিয়েছেন অঞ্জনা, সেটা অবশ্য তিনি উল্লেখ করেননি। তবে এবারের কান উৎসবে বাংলাদেশ থেকে অভিনেত্রী হিসেবে নিজ উদ্যোগে গিয়েছিলেন আশনা হাবিব ভাবনা। বিভিন্ন পোশাকে নিজেকে মেলে ধরেছেন ফ্রান্সের সমুদ্র তীরের নগরে। শুভাকাঙ্ক্ষীরা তাকে বাহবা দিয়েছে বটে। তবে নেটিজেনদের অনেকে তার সমালোচনাও করেছিল। অঞ্জনার মন্তব্যটিও যে তাকেই নিশানা করে, তা সহজেই বুঝতে পারছে অন্তর্জালবাসীরা।

কান উৎসবে বিভিন্ন পোশাকে ভাবনাতবে সিনেমা ছাড়া গেলেও ভাবনার দাবি, কান থেকে তিনি একটি ছবিতে যুক্ত হয়ে এসেছেন। ‘জেনুবিয়া’ নামের ওই ছবি পরিচালনা করবেন জাফর ফিরোজ। এটি বাংলা, ইংরেজি ও চায়নিজ ভাষায় মুক্তি পাবে বলে জানিয়েছেন ভাবনা।

উল্লেখ্য, গত ১৪ মে শুরু হয়েছিল কান উৎসবের ৭৭তম আসর। ২৫ মে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়েছে আয়োজনটি।


এই বিভাগের আরো খবর