বুধবার মধ্যরাতে শহরের রাজপথে তখন অন্য ছবি। মহিলাদের ‘রাত দখল’-এর কর্মসূচিতে সাড়া দিয়ে বিভিন্ন জায়গায় নারী-পুরুষ নির্বিশেষে জমায়েত। সকলের মুখে একটাই স্লোগান, ‘উই ওয়ান্ট জাস্টিস’। ঘড়ির কাঁটায় তখন রাত ২টো। যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডের জমায়েত থেকে মিছিলের অভিমুখ যাদবপুর থানার দিকে। উদ্দেশ্য, থানার সামনে বিক্ষোভ প্রদর্শন।
সৌরসেনীর দাবি, আরজি কর-কাণ্ডে দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং তা যেন লোকচক্ষুর সামনে হয়। বললেন, ‘‘নিজের কর্মস্থলে একটি মেয়ে যদি সুরক্ষিত না থাকতে পারে, তা হলে সমাজের মহিলারা কোথায় সুরক্ষিত!’’ সৌরসেনীর মতে, প্রতি দিন সমাজের বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের নির্যাতনের শিকার হতে হয়। তার অনেকটাই প্রকাশ্যে আসে না। বললেন, ‘‘এই মিছিল থেকে ১০ জন মহিলাকে জিজ্ঞেস করলে হয়তো জানা যাবে তাঁরা জীবনের কোনও না কোনও সময়ে হেনস্থার শিকার হয়েছেন।’’ তাই আরজি কর-কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন আছে বলেই তিনি মনে করেন। তাঁর কথায়, ‘‘আরজি কর হাসপাতালে সংস্কারের কাজের থেকেও এখন এই সমাজের দ্রুত সংস্কারের প্রয়োজন!’’