ওরহান অবত্রামণি ওরফে ওরির সঙ্গে সারা অলী খানের বন্ধুত্বে ভাঙন নিয়ে বিতর্ক চলছে বেশ কিছু দিন। বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন ওরি নিজেই। এ বার সারাকে নিয়ে একটি ঘটনা জানিয়েছেন তিনি। সেই সময়ে অবশ্য সারার সঙ্গে বন্ধুত্ব ছিল ওরির। সাক্ষাৎকারে ওরি দাবি করেন, একটি পার্টিতে সারা এক তরুণীকে চেয়ার থেকে ঠেলে ফেলে দেন। পরে সেই ঘটনার দায় এসে পড়ে ওরির উপর।
যদিও সাক্ষাৎকারে ওরি ঘটনাটিকে ‘খুব মজার’ বলে উল্লেখ করেন। তাঁর দাবি, পুরো ঘটনাটির সূত্রপাত সারারই কারণে। ওরি বলেন যে, সেই সময়ে সারা বেশ জনপ্রিয় ছিলেন। অন্য দিকে, তিনি নিজে তখন প্রায় অপরিচিত। তাই শেষ পর্যন্ত তাঁকেই পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ওরি জানান, তিনি এমন একটি ঘটনার জন্য সমস্যায় পড়েছিলেন, যা তিনি আদৌ করেননি।

সারার মা অমৃতা সিংহকে নিয়েও এর আগে একটি ঘটনার কথা জানিয়েছিলেন ওরি। ২০২১ সালের সেই সময়টিকে তিনি জীবনের অন্যতম অন্ধকার অধ্যায় বলে উল্লেখ করেছিলেন। তবে ঠিক কী ঘটেছিল, তা প্রকাশ্যে বলতে চাননি তিনি। শুধু জানিয়েছিলেন, সেই ঘটনা তাঁর জীবনে বড় প্রভাব ফেলেছিল। তবে এই প্রকাশ্য তিক্ততার মধ্যেও সারা বিষয়টি নিয়ে বিশেষ কিছু বলেননি। কিন্তু ওরি এই নিয়ে মন্তব্য করেই চলেছেন।