এক জন তারকাসন্তান। অন্য জনের কাছে রয়েছে বলিউডের ‘বহিরাগত’ তকমা। কিন্তু সম্প্রতি মুম্বইয়ের টিনসেল টাউনের এক পার্টিতে একসঙ্গে মাতলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে ও নেট-প্রভাবী উরফি জাভেদ। সেই পার্টির ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিলেন উরফি।
আদিত্যের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই নাকি ‘মনমরা’ অনন্যা। অনুরাগীদের এমনই দাবি। এ দিকে উরফির ছবি জানান দিচ্ছে পার্টিতে মজে অনন্যা। আদিত্যের সঙ্গে কাটানো সময় ভোলার জন্যই কি নিজেকে অন্য দিকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন অনন্যা? অভিনেত্রীর নতুন অবতার দেখে প্রশ্ন তুলছে নেটাগরিকেরা।

কিছু দিন আগে একটি ভিডিয়োয় নেট-প্রভাবী ওরি অনন্যাকে জিজ্ঞেস করেন, সপ্তাহান্তে জীবন থেকে কী হারিয়েছেন তিনি। জবাবে অনন্যা বলেন, তিনি মন হারিয়েছেন। বিচ্ছেদের পর থেকে নাকি নিজের পোষ্যের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন তিনি। যদিও, বিচ্ছেদ নিয়ে সরাসরি কিছু বলেননি তিনি।
অন্য দিকে, অনন্যার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন আদিত্যও। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চুপ থেকেছি। আর এটাই আমি পছন্দ করি। আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে মানুষের জানা দরকার, এমনটা আমার কখনও মনে হয়নি। সব প্রকাশ না করে, ব্যক্তিগত জীবন নিজের মধ্যেই রাখতে পছন্দ করি।”