শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা অভিযোগ করেন, তিনিও বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন। শেখ হাসিনার বিচার প্রসঙ্গে রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে পারেন না। মানবতাবিরোধী অপরাধ, মানুষ হত্যা, ছাত্র হত্যা ও শ্রমিক হত্যার জন্য তার যে দণ্ড হয়েছে এবং যেসব বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ড তাকে ভোগ করতে হবে।
যুবদল ও বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে রিজভী বলেন, এসব কর্মকাণ্ড করে জাতীয়তাবাদী যুবদল ও বিএনপির অন্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ভয় দেখানো যাবে না। গুম-খুন ও নানা নিপীড়নের মধ্যেও তারা বুক চিতিয়ে লড়াই করেছেন। রবিউল ইসলাম নয়নও অনেক অত্যাচার ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, তারপরও তাঁদের মাথা নত করানো যায়নি।
ফ্যাসিবাদ প্রতিরোধের ঘোষণা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জাতীয়তাবাদী শক্তির মাথা নত করা যাবে না। ফ্যাসিবাদের যে স্বপ্ন তৈরি হয়েছে, তা প্রতিরোধ করতে সারা দেশের জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তি পথে পথে ব্যারিকেড গড়ে তুলবে।
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।







