১৪ এপ্রিল গুলির শব্দ ঘুম ভাঙে সলমন খানের। আচমকাই তাঁর ফ্ল্যাটের বাইরে গুলি চালিয়ে চম্পট দেয় চার বন্দুকবাজ। যদিও একে একে পুলিশের জালে ধরা পড়েছে চার জনই। এ বার সলমনের বয়ান রেকর্ড করল পুলিশ। প্রায় চার ঘণ্টা ধরে চলল জিজ্ঞাসাবাদ। জানা গিয়েছে, ১৫০টা প্রশ্ন করা হয় সলমনকে। একা সলমন নন, বয়ান রেকর্ড করা হয়েছে ভাই আরবাজ় খানেরও। বয়সজনিত কারণে জিজ্ঞাসবাদে থাকতে পারেননি অভিনেতার বাবা সেলিম খান।

পাশাপাশি আরবাজ় তাঁর বয়ানে বলেন, ‘‘এর আগেও একটা হুমকি চিঠি পাওয়া গিয়েছিল বাড়ির বাইরে। বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা পানভেলের ফার্মহাউসে রেকি করেছিল। এ বার গুলি চালাল। এই নিয়ে তৃতীয় হামলা, পুলিশের এই ঘটনায় গুরুত্ব দেওয়া উচিত।’’
১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারকাণ্ডে সলমন খানের নাম জড়িয়েছিল। এর বদলা নিতে সলমনকে খুনের হুমকি দেয় লরেন্স বিষ্ণোই গোষ্ঠী। গত বছর জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) জানিয়েছিল, জেলবন্দি গ্যাংস্টার বিষ্ণোই যে ১০ জনকে খতম তালিকায় রেখেছে, তাঁদের মধ্যে প্রথমেই রয়েছে সলমনের নাম। তার পর থেকেই সলমনকে নানা ভাবে ভয় দেখানোর চেষ্টা করেছে এই গ্যাংস্টার।