শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উৎসবমুখর এফডিসি

বিনোদন ডেস্ক
আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে জুমার নামাজের সুবিধার্থে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার বিরতি রাখা হয়।

নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু জানান, নামাজের বিরতির আগে প্রথম সাড়ে ৩ ঘণ্টায় ১০২ জন শিল্পী তাঁদের ভোট দিয়েছেন। সেই হিসাবে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ১৮ শতাংশ।

ভোটকেন্দ্রের এই আনন্দঘন পরিবেশে ভিন্নমাত্রা যোগ করেন অভিনেতা শম্ভু সরকার সঞ্জয়। তিনি এবার সম্পূর্ণ ব্যতিক্রমী উপায়ে ব্যান্ড পার্টি ও পালকি নিয়ে ভোট দিতে হাজির হন। সোনালি রঙের পোশাক ও কাঁধে শাল জড়িয়ে পালকির শোভাযাত্রা নিয়ে তাঁর এই প্রবেশ উপস্থিত সবার দৃষ্টি কাড়ে।

শম্ভু সরকার বলেন, শিল্পী সমিতির নির্বাচন মানেই উৎসব, তাই প্রতিবারই তিনি ঘোড়া কিংবা সৈন্য নিয়ে আসেন, আর এবার এসেছেন পালকি চড়ে। এদিকে সকাল পৌনে ১০টার দিকেই ভোট দিতে আসেন অভিনেতা ডা. এজাজুল ইসলাম। পেশাগত কারণে শুক্রবার চেম্বারে রোগীর চাপ থাকায় সকাল সকাল ভোট দিয়ে কর্তব্যস্থলে ফিরে যান তিনি। ভোট দিয়ে তিনি আশা প্রকাশ করেন, যেন কোনও বিভেদ ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হয়।

প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপুর তত্ত্বাবধানে ভোটগ্রহণ শেষে আজ রাতেই ভোট গণনা করা হবে এবং সবকিছু ঠিক থাকলে রাতেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

নেতৃত্বের লড়াইয়ে যারা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে মূলত দুটি শক্তিশালী প্যানেল এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরমান-মুক্তি পরিষদ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইট ডিরেক্টর ও প্রযোজক মকবুল হোসেন আরমান এবং সাধারণ সম্পাদক পদে লড়ছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।

তাদের বিপরীতে শিবা শানু-জয় চৌধুরী প্যানেল থেকে সভাপতি পদে লড়ছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। এছাড়া কার্যনির্বাহী পরিষদের ১১টি সদস্য পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২৭ জন প্রার্থী এই নির্বাচনি মাঠে লড়ছেন।


এই বিভাগের আরো খবর